পরীক্ষায় ফেল, সুপারিশে ১৬৬ শিক্ষার্থী ভর্তি!
ভোলার দুটি সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েও জেলা প্রশাসক ও প্রভাবশালীদের সুপারিশে ১৬৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা বোর্ডে টাঙালেও অপেক্ষমাণদের তালিকা টাঙায়নি। এ কারণে অনুত্তীর্ণ এবং কম নম্বর পাওয়া অনেক শিক্ষার্থী শুধু সুপারিশের জোরে বিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়। এতে তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ৩৪০টি কোটার বিপরীতে ৫৫৯ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিকভাবে এই পরীক্ষায় ৩০০ জন উত্তীর্ণ হয়। কিন্তু উত্তীর্ণ ছাত্রীদের তালিকা টাঙানো হলেও কর্তৃপক্ষ অপেক্ষমাণদের তালিকা বোর্ডে টাঙায়নি। একই কাজ করেছে সরকারি বালক বিদ্যালয়। সেখানেও ৩৪০টি কোটার বিপরীতে ৬৯২ জন ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এই পরীক্ষায় ২৭১ জন ছাত্র উত্তীর্ণ হয়। উত্তীর্ণ শিক্ষার্থী ছাড়া অন্যদের ভর্তির ব্যাপারে অনুমোদন দেওয়ার জন্য বিদ্যালয় দুটির পরিচালনা পর্যদের সভাপতি জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম পর্যদের অন্য সদস্যদের নিয়ে ১৪ ফেব্রুয়ারি একটি রেজুলেশন করেন। রেজুলেশনের ওই খাতায় উল্লেখ করা হয়েছে, তিনি সরকারি বালিকা বিদ্যালয়ে ৬০ জন ছাত্রী এবং সরকারি বালক বিদ্যালয়ে ১০৬ জন ছাত্রকে ভর্তির অনুমোদন দিয়েছেন। এই অনুমোদন দেওয়ার ব্যাপারে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, আগামী বছর দুই পালায় ক্লাস চালু হলে শিক্ষার্থীর সংকট সৃষ্টি হতে পারে। এ জন্য উল্লিখিত ১৬৬ জন শিক্ষার্থীকে ভর্তি করার জন্য সুপারিশ করা হয়েছে।ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, দুটি বিদ্যালয়েই ভর্তির শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এক দিন আগে ১৪ ফেব্রুয়ারি রাতের বেলা রেজুলেশন তৈরি হয়। এভাবে ভর্তির সুপারিশ করায় এবং অপেক্ষমাণ শিক্ষার্থীদের তালিকা বোর্ডে না টাঙানোর কারণে যারা ধারাবাহিকভাবে ঊত্তীর্ণদের পেছনে ছিল, তারা ভর্তি হতে পারেনি।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষায় এক শিক্ষার্থী (রোল নম্বর-৭১) ২৮ পেয়েও ভর্তি হতে পারেনি। কিন্তু তৃতীয় শ্রেণীর ১০৩, ১০৪ রোল নম্বরধারীসহ অনেকেই ৫ থেকে ১২ নম্বর পেয়েও ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সরকারি বালক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য এক শিক্ষার্থী (রুল নম্বর ৬০৬৫) পরীক্ষা দিয়ে ৫৩ নম্বর পেয়েছিল। কিন্তু সে ভর্তি হতে পারেনি।ভোলা সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ গোপাল বলেন, ‘আমাদের ওপর প্রভাবশালীদের চাপ থাকার পরও আমরা কোনো ছাত্র ভর্তি করিনি। তবে কমিটি রেজুলেশন করে বাকিদের ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমার কিছু করার নেই।’জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম জানান, ভোলা সরকারি বিদ্যালয়গুলোতে মেধা তালিকায় উত্তীর্ণদের প্রথমে ভর্তি করানো হয়েছে। পরে আরও কিছু শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে। কারণ শিক্ষার্থী ভর্তির ব্যাপারে তাঁর কাছে অনেকেই অনুরোধ করেছিল।