পর্যাপ্তসংখ্যক ক্লাসে উপস্থিত না থাকায় রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির প্রায় ৪৩ জন শিক্ষার্থীকে প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই শিক্ষার্থীদের কলেজের প্রধান ফটকের বাইরে রেখে বাকি ১৫৫ জন শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, অসুস্থতাসহ শিক্ষার্থীদের নানা সমস্যার কথা কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। কলেজ কর্তৃপক্ষের ‘স্বেচ্ছাচারিতা’র কারণে এই ৪৩ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন থেকে একটি বছর নষ্ট হতে বসেছে। কর্তৃপক্ষের ভাষ্যমতে, প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় তারা এই কলেজ থেকে আগামী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে পরীক্ষার্থী, বাদ পড়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অনেকে কলেজের সামনে এসে জড়ো হন। এরপর সকাল নয়টার দিকে সেখানে পুলিশ যায় এবং পরীক্ষার্থীদের ভেতরে ঢুকিয়ে পরীক্ষা নেওয়া হয়। সকাল ১০টায় কলেজের সামনে গিয়ে দেখা যায়, কলেজের সামনে শিক্ষার্থী ও অভিভাবকেরা ভিড় করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, ‘অসুস্থ থাকা, দু-এক মিনিট দেরিতে কলেজে আসার কারণে ক্লাসে অংশ নিতে না দেওয়াসহ বিভিন্ন সমস্যার কারণে আমাদের ক্লাসে উপস্থিতি ৭০ শতাংশের নিচে। ফলে আমাদের পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না।’
কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘এখন একটা কালচার দাঁড়িয়ে গেছে, পড়াশোনা করবে, কিন্তু ক্লাস করবে না। এ জন্য হয়তো কিছু শিক্ষার্থী ক্লাসে আসে না। তাদের এর আগে কয়েকবার সতর্ক করা হয়েছে, অভিভাবকদের ডেকে মিটিং করা হয়েছে। তারপরও তারা ক্লাসে আসেনি।’ তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশ আছে, বোর্ডের নির্দেশ আছে শিক্ষার্থীদের উপস্থিতি মনিটরিং করা। তাই উপস্থিতির বিষয়ে কড়াকড়ি করা হয়েছে।’ অসুস্থতার আবেদনের বিষয়ে তিনি বলেন, অনেক শিক্ষার্থীই আছে যে সময় অসুস্থতার আবেদন জমা দিয়েছে, তখন ক্লাস করেছে। আবার যখন অসুস্থ ছিল তখন আবেদন জমা দেয়নি। যুক্তিযুক্ত কোনো কারণ থাকলে অবশ্যই আবেদন মেনে সুযোগ দেওয়া হতো।