পরীক্ষায় ভাড়া খাটতে গিয়ে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় ভাড়া খাটতে গিয়েছিল রাজশাহী সিটি কলেজের এক শিক্ষার্থী। গতকাল শুক্রবার পরীক্ষা চলাকালে ধরা পড়ে তার এক বছরের কারাদণ্ড হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষার্থীর নাম সানোয়ার হোসেন। সে রাজশাহী সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আলমগীর কবির জানান, টাকার বিনিময়ে ওই শিক্ষার্থী আরেকজন পরীক্ষার্থী হয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়। তাকে সন্দেহ হলে তার বাবার নাম জানতে চাওয়া হয়। সে নাম বলতে পারেনি। মায়ের নাম জিজ্ঞাসা করলেও সে বলতে পারেনি। সে বলেছে, টেনশনের কারণে সে মা-বাবার নাম ভুলে গেছে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে টাকার বিনিময়ে সে বদলি পরীক্ষা দিতে এসেছিল। আলমগীর কবির জানান, আদালতের কাছে দোষ স্বীকার করায় এক বছরের কারাদণ্ড দিয়ে সঙ্গে সঙ্গে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।