মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের নম্বর কমিয়ে সৃজনশীলে বাড়ানোর সিদ্ধান্তের পরিবর্তন হবে না। গতকাল রোববার সচিবালয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষাবিদদের সঙ্গে সভা শেষে বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ ব্রিফিংয়ে এ অবস্থান জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে সৃজনশীল অংশে প্রশ্ন ও নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের মধ্যেই শিক্ষামন্ত্রী এ কথা জানালেন। তিনি বলেন, এমসিকিউর ১০ নম্বর কমিয়ে সৃজনশীলে বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন হবে না। যুক্তিও নেই। কারণও নেই। প্রয়োজনও নেই। প্রথমে মফস্বলে কিছু শিক্ষার্থী আপত্তি করেছিল। শেষ দিকে ঢাকার কয়েকটি স্কুলও তাতে যুক্ত হয়। তবে এখন আর তা নেই। তিনি বলেন, ২০১৫ সালেই এই সিদ্ধান্ত হয়েছিল।
বর্তমানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় একটি প্রশ্নপত্রের দুটি অংশ। একটি সৃজনশীল, অন্যটি এমসিকিউ। এত দিন একটি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে সৃজনশীল অংশে ৬০ এবং এমসিকিউ অংশে নম্বর ছিল ৪০। এমসিকিউর জন্য সময় ছিল ৪০ মিনিট। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সৃজনশীল অংশের নম্বর হবে ৭০, এমসিকিউতে ৩০।
শিক্ষামন্ত্রী বলেন, আগে এমসিকিউর জন্য সময় ছিল ৪০ মিনিট। তখন সৃজনশীলে ৯টি প্রশ্ন থেকে ৬টির উত্তর দিতে হতো। সময় ছিল ২ ঘণ্টা ১০ মিনিট। অর্থাৎ প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য বরাদ্দ ছিল ২১ মিনিট ৪০ সেকেন্ড। পরিবর্তনের ফলে এখন ১১টি সৃজনশীল প্রশ্ন থেকে ৭টির উত্তর দিতে হবে। সময় বরাদ্দ ২ ঘণ্টা ৩০ মিনিট। অর্থাৎ প্রতি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাদ্দ থাকছে ২১ মিনিট ২৬ সেকেন্ড। মাত্র ১৪ সেকেন্ডের জন্য কোনো সমস্যার সৃষ্টি করবে না। একইভাবে যেসব বিষয়ে ৭৫ নম্বরের পরীক্ষা হয়, তাতেও সমস্যা হবে না।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওএমআর শিটসহ আনুষঙ্গিক কাজের জন্য মূল পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই খাতা দেওয়া হবে। ফলে পরীক্ষার সময় থেকে এই কাজের জন্য সময় ব্যয় হবে না।
পরীক্ষা, বই ও শিক্ষাক্রম সংস্কার হবে: ব্রিফিংয়ের আগে সকালে শিক্ষাবিদদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সভা হয়। সভাসূত্র বলেছে, সভায় মাধ্যমিক স্তরের পরীক্ষাপদ্ধতি সংস্কার করে আরও সহজ ও কম সময়ে কীভাবে নেওয়া যায় তার উপায় বের করার সিদ্ধান্ত হয়েছে। আলাদা প্রশ্নভান্ডার তৈরি, বইগুলো পরিমার্জন করে আরও সহজ এবং শিক্ষাক্রম সংস্কার করা হবে। এ জন্য শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়া হবে। এর মধ্যে বিজ্ঞানের বইগুলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল দেখবেন বলে সিদ্ধান্ত হয়।
সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে মুহম্মদ জাফর ইকবাল বলেন, মাধ্যমিক শিক্ষা ও পরীক্ষায় মৌলিক পরিবর্তন আনা হবে। আগামী এক বছরের মধ্যে এ পরিবর্তন দেখা যাবে।
সভায় অংশ নেওয়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, তাঁরা বড় পরিসরে সংস্কারের প্রত্যাশা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষার সামগ্রিক সংস্কার ও মান উন্নয়নের ওপর তিনি মত দিয়েছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমেদ, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।