প্রভাবশালী চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যানসেট বলছে, ১০টি পরীক্ষিত কর্মপন্থার বিস্তার ঘটালে বাংলাদেশসহ ৩৪টি উচ্চ অপুষ্টির দেশে বছরে নয় লাখ শিশুর জীবন রক্ষা করা সম্ভব। পাঁচ বছরের কম বয়সী পৃথিবীর মোট খর্বাকায় শিশুর ৯০ শতাংশ এসব দেশে বাস করে।ল্যানসেট-এর মাতৃ ও শিশু পুষ্টিবিষয়ক সংখ্যাটি গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) যৌথভাবে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, সেভ দ্য চিলড্রেন, আইসিডিডিআরবি এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। এই বিশেষ সংখ্যাটি গত মাসে লন্ডনে প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।পরীক্ষিত ১০টি কর্মপন্থা হচ্ছে: কিশোরী স্বাস্থ্য ও গর্ভপূর্ব অবস্থার পুষ্টি, মায়ের সম্পূরক খাবার, সম্পূরক অপুষ্টি বা অনুপুষ্টি সমৃদ্ধকরণ, বুকের দুধ খাওয়ানো ও পরিপূরক খাবার, শিশুর সম্পূরক খাবার, খাবারে বৈচিত্র্য, খাদ্যাভ্যাস ও উদ্দীপনা, মারাত্মক তীব্র অপুষ্টির চিকিৎসা, রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে পুষ্টি কার্যক্রম।অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের আন্তর্জাতিক স্বাস্থ্য বিভাগের পরিচালক রবার্ট ই ব্লাক বলেন, পৃথিবীব্যাপী খর্বাকায় শিশুর হার কমছে, তবে তা ধীরগতিতে। মা খর্বাকায় হলে শিশুর বৃদ্ধি সঠিক হয় না, বিলম্বিত প্রসব হয় এবং শিশুর মৃত্যুও হতে পারে। তিনি বলেন, অপুষ্টির সঙ্গে নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের সংক্রমণ হলে শিশুমৃত্যু দ্বিগুণ বাড়ে।আইসিডিডিআরবির পুষ্টি ও খাদ্যনিরাপত্তা কেন্দ্রের পরিচালক তাহমিদ আহমেদ প্রবন্ধের বিষয়বস্তু উপস্থাপনার সময় বলেন, অপুষ্টির শিকার শিশুর ৯০ শতাংশ ৩৪টি দেশে। এর মধ্যে আছে ভারত, নেপাল ও বাংলাদেশ। বাংলাদেশের ৪১ শতাংশ শিশু খর্বাকায়। পরীক্ষিত কর্মপন্থার বিস্তার ঘটিয়ে খর্বাকায় শিশুর সংখ্যা ২০ শতাংশ কমানো সম্ভব। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, অন্য ক্ষেত্রে একাধিক মন্ত্রণালয় একযোগে কাজ করতে পারলে অপুষ্টি দূর করার ক্ষেত্রেও বিভিন্ন মন্ত্রণালয় একযোগে কাজ করতে পারবে। বিশেষ অতিথি জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, সরকার, এনজিও, গণমাধ্যম, নাগরিক সমাজ সবাই একসঙ্গে মিলে অপুষ্টি দূর করতে হবে। ভারতের শিশুস্বাস্থ্যবিদ ও পুষ্টিবিদদের একটি অংশ ল্যানসেট-এর এই বিশেষ সংখ্যার সমালোচনা করে বিবৃতি দিয়ে বলেছেন, শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি প্রবন্ধ লিখেছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন ও সেভ দ্য চিলড্রেনের এ দেশীয় পরিচালক মাইকেল ক্যামগ্রা। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ।