পরীবাগের ফুটপাতে টাইলসের বাজার

ফুটপাতজুড়ে সারি সারি টাইলস সাজানো। ক্রেতা-বিক্রেতার দরদাম চলছে। কোনো কোনো ক্রেতা টাইলস হাতে নিয়ে উল্টেপাল্টে দেখছেন। বিক্রেতাদের কেউ ডাকলে তাঁর দোকানে যাচ্ছেন। সড়ক বিভাজকের কাছে কয়েকজন রিকশা-ভ্যানওয়ালা ক্রেতার মুখ চেয়ে বসে আছেন।
কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ও বাংলামোটর ঢালের সোনারগাঁও সড়কের মধ্যবর্তী পরীবাগ সড়কের পূর্ব পাশের ফুটপাতের প্রতিদিনের চিত্র এমনই। অনেকে সড়কটিকে পরীবাগ নতুন রাস্তা ও পরীবাগ শাহ সাহেব লেন নামে চিনলেও পরীবাগ সড়ক নামেই এটি বেশি পরিচিত।
কয়েকজন ব্যবসায়ী বলেন, এটি একটি ত্রুটিপূর্ণ টাইলসের বাজার। কোনো অংশ ভাঙা কিংবা ফাটা থাকার কারণে যেসব টাইলস গুদাম অথবা দোকান থেকে বাদ পড়ে, সেগুলো এই বাজারে তোলেন এখানকার বিক্রেতারা। তবে মাঝেমধ্যে কিছু ভালো টাইলসও আসে।
বাজারটির বয়স প্রায় দুই বছর। দোকান আছে ১৫টি। টাইলস ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা বলেন, এ মাসের প্রথম সপ্তাহে চারটি দোকান উঠে গেছে। কয়েক দিনের মধ্যে আরও দু-তিনটি দোকান উঠে যাবে।
গতকাল শনিবার পরীবাগ সড়কে গেলে চোখে পড়ে, ফুটপাত দখল করে চলছে ত্রুটিপূর্ণ টাইলসের ব্যবসা। সড়কের বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে ট্রাক, পিকআপ ও রিকশা-ভ্যান দাঁড়িয়ে আছে। সড়কটি দুই লেনের হলেও এসব গাড়ি রাখার কারণে সড়কের প্রশস্ততা কমে গেছে। লোকজনের হাঁটাচলায় সমস্যা হচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলছে থেমে থেমে।
ব্যবসায়ী বেবি আক্তার বলেন, ‘এখানে ব্যবসা করা যাইব না। মাল যা আছে, এগুলো বিক্রি কইরা উইঠা যাইব।’
আরেক ব্যবসায়ী মোহাম্মদ খলিল বলেন, ‘সরকারি লোক আইয়া দুই-তিনবার টাইলস ভাইঙা দিছে। উইঠা যাইতে কইছে।’
কয়েকজন ক্রেতা বলেন, এসব টাইলস বেশ সস্তা। কাটা-ফাটা অংশটুকু কেটে ফেলে দিলে কাজে লাগানো যায়। এ বাজারের নিয়মিত ক্রেতা শমসের হোসেন বলেন, ‘সুবিধা পাই দেইখা এখান থেইকা কিনি। ছোট কাজের জন্য দুই-চাইরটা টাইলস লাগলে, এখান থেইকা নিয়া যাই।’
এ বাজারে ঘরবাড়ির দেয়াল ও মেঝেয় বসানোর জন্য বিভিন্ন নকশার নানা রকম টাইলস পাওয়া যায়। সপ্তাহের প্রতিদিনই বাজার বসে। খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সড়কটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বিষয়টি জানালে ওয়ার্ড কমিশনার এম এ হামিদ খান প্রথম আলোকে বলেন, ‘আমরা কয়েকবার বাজারটি উচ্ছেদ করেছি। কাজ হয় না। দোকান তুলে দেওয়ার দু-এক দিনের মধ্যেই আবার বসে যায়।’