পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি রিমান্ডে
মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার এই আদেশ দেন।
এর আগে আসামি জুনায়েদ করিম জিমিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জুনায়েদকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে জুনায়েদ করিমকে আটক করা হয়। জুনায়েদের কাছ থেকে ২২৫টি ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় বনানী থানায় মাদক মামলা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা হয়।
গত ১৩ জুন চিত্রনায়িকা পরীমনি ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন বলে যে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, সেখানে পরীমনির সঙ্গে চয়নিকা চৌধুরীকে দেখা গিয়েছিল। আর বোট ক্লাবের ঘটনায় পরীমনির সঙ্গী ছিলেন তাঁর কস্টিউম ডিজাইনার জিমি।
গতকাল দুপুরের পর ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের বলেছিলেন, রিমান্ডে থাকা পরীমনিসহ চারজনকে মামলার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা যে অন্ধকার জগতে পা রাখলেন, এর পেছনে কারা পৃষ্ঠপোষকতা করেছেন, তাঁদের আইনের আওতায় আনা হবে। পরীমনির অন্ধকার জগতের পৃষ্ঠপোষকদের একজন জিমি। তাঁর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আরেকজন নারী, তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।
এর আগে প্রায় একই ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হয় আরও পাঁচজনকে। এর মধ্যে গত বৃহস্পতিবার মধ্যরাতে আটক হন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় উপকমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীর। রোববার মধ্যরাতে আটক করা হয় ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে। তারপর মঙ্গলবার রাতে আটক হন শরফুল হাসান ওরফে মিশু হাসান এবং তাঁর সহযোগী মাসুদুল ইসলাম ওরফে জিসান। পৃথক মামলায় তাঁরা সবাই রিমান্ডে আছেন। তাঁদের বিরুদ্ধে করা সাতটি মামলার তদন্তের দায়িত্ব গতকাল সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।