পরীমনির বারবার রিমান্ড, হাইকোর্টের নজরে আনলেন আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে এনেছেন এক আইনজীবী।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার বিষয়টি তুলে ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

আদালত বলেছেন, কতবার রিমান্ড নিচ্ছে ও কত দিন রিমান্ড নিচ্ছে, এটি গুরুত্বপূর্ণ বিষয়। যথাযথ আবেদন নিয়ে আসতে পারেন।

কারাগার থেকে পরীমনিকে আজ আদালতে হাজির করা হয়
ছবি: সাজিদ হোসেন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিকে আজ তৃতীয় দফায় রিমান্ডে পেয়েছে সিআইডি। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পরীমনির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বনানী থানায় করা এই মামলায় পরীমনিকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল সিআইডি। শুনানি শেষে আদেশ দেন আদালত।

পরীমনিকে প্রথম দফায় চার দিন ও দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন র‍্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান।

পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়ার বিষয়টি আজ বেলা ১১টার দিকে হাইকোর্টে তুলে ধরে স্বতঃপ্রণোদিত আদেশের আরজি জানান আইনজীবী ইউনুছ।

আইনজীবীর উদ্দেশে হাইকোর্ট বলেন, কোন মামলায় রিমান্ড চাচ্ছে বা চাচ্ছে না, তা খবর দেখে অনেক সময় বোঝা যায় না। মনে করেন, এক মামলায় আটক করেছে, তারপর একাধিক মামলা হচ্ছে। একেক সময় একেক মামলায় রিমান্ডে নিচ্ছে। এটি তো নিতেই পারে। তবে কত বার রিমান্ড নিচ্ছে, কত দিন রিমান্ড নিচ্ছে, এটি গুরুত্বপূর্ণ বিষয়।

তখন আইনজীবী ইউনুছ বলেন, ফৌজদারি কার্যবিধিতে রিমান্ডের কোনো বিধানই তো নেই।

আদালত বলেন, চাইলে এসব উল্লেখ করে নিয়মিত রিট করতে পারেন। এগুলোতে স্যুয়োমটো রুল ইস্যু করা যায় না। যথাযথ আবেদন নিয়ে আসতে পারেন।

আরও পড়ুন