পরীমনির বিরুদ্ধে মাদক আইনে মামলা হচ্ছে: র্যাব
র্যাবের হাতে আটক চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। রাজধানীর বনানী থানায় মামলা করার পর তাঁকে আদালতে নেওয়া হবে। রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল রাজের বিরুদ্ধেও মাদক আইনে পৃথক মামলা করা হবে। পরীমনি ও নজরুল রাজের দুই ম্যানেজারকে আটক করা হয়েছে।
র্যাব সদর দপ্তরে আজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, পরীমনি ও নজরুল রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা হবে। এরপর দুজনকে আদালতে হাজির করা হবে। আল মঈন আরও বলেন, পরীমনির বাসায় মিনি বার রয়েছে। মদের লাইসেন্স থাকলেও মেয়াদ পেরিয়েছে অনেক আগেই। পরীমনি ও নজরুল রাজসহ এই চক্র ডিজে পার্টির আয়োজনের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করত। এসব অর্থ তাঁরা বিভিন্ন ব্যবসার কাজে লাগাত।
ব্রিফিংয়ে জানানো হয়, নজরুল রাজের কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁর কম্পিউটারসহ কিছু ডিভাইস জব্দ করা হয়েছে। তাঁর মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এগুলো থেকে বেশ কিছু ছবি ও ভিডিওচিত্র পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হবে।
এদিকে পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম ও নজরুল রাজের ম্যানেজার সবুজ আলীকে আটক করা হয়েছে।
চিত্রনায়িকা পরীমনিকে গতকাল বুধবার রাতে রাজধানীতে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়। সেখানে বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করেন র্যাবের কর্মকর্তারা। এর আগে বুধবার বিকেলে র্যাবের একটি দল পরীমনির বাসায় অভিযান চালায়। এ সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে আসেন পরীমনি। লাইভে তিনি বলেন, দিনদুপুরে কে বা কারা তাঁর বাসায় আক্রমণ করেছে। তিনি থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তাঁর পরিচিতজনদের কাছে ফোন করে তাঁকে বাঁচানোর আহ্বান জানান। র্যাব সদস্যরা বারবার পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খুলছিলেন না পরীমনি। পরে বিকেল ৪ টা ৩৫ মিনিটে দরজা খুলে দেওয়া হলে র্যাব সদস্যরা ভেতরে ঢোকেন। এরপর শুরু হয় তল্লাশি। একপর্যায়ের পরীমনিকে আটক করা হয়।
অভিযান শেষ র্যাবের পক্ষ থেকে জানানো হয়, পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণে ওয়াইন, আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের ঘটনার ধারাবাহিকতায় চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালানো হয়।
গতকালই রাত সাড়ে আটটার দিকে বনানীতে নজরুল রাজের কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। রাতেই তাঁকে র্যাবের সদর দপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।