পরে প্রশ্নপত্র দিয়েও আগে খাতা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষে গতকাল রোববার পদার্থবিজ্ঞান পরীক্ষায় নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে প্রশ্নপত্র দিয়ে পাঁচ মিনিট আগে উত্তরপত্র জমা নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে সময়ের অভাবে ওই দুই কক্ষের পরীক্ষার্থীরা সব প্রশ্নের উত্তর দিতে পারেনি বলে তাদের অভিযোগ।এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগে ৪০ জন পরীক্ষার্থী সই করেছে। ওই দুই কক্ষের দুজন পরিদর্শককে পরবর্তী পরীক্ষাগুলোর দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে গঠিত দুই সদস্যের কমিটিকে দুদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।পরীক্ষার্থীদের ভাষ্যমতে, ১০১ ও ১০২ নম্বর কক্ষে পদার্থবিজ্ঞান পরীক্ষার বহু নির্বাচনী অংশের প্রশ্নপত্র ১২টা ১০ মিনিটে সরবরাহ করার কথা থাকলেও ১২টা ২০ মিনিটে সরবরাহ করা হয়। নিয়ম অনুযায়ী, একটায় খাতা নেওয়ার কথা থাকলেও ১২টা ৫৫ মিনিটেই তা জমা নেওয়া হয়েছে। কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শিপন দেবনাথ অভিযোগ করে বলে, ‘ওই দুই কক্ষে আমাদের কলেজের শিক্ষার্থীরা ছিল।’ ১০২ নম্বর কক্ষের পরিদর্শক মতিয়ার রহমান অভিযোগ অস্বীকার করেছেন। ১০১ নম্বর কক্ষের পরিদর্শক আবদুস সালাম বলেন, ‘আগে-পরে খাতা নেওয়ার ক্ষমতা আমার নেই। ঘণ্টা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাজ করতে হয়।’কেন্দ্রের সচিব আবদুল মান্নান বলেন, ‘খাতা দেওয়া-নেওয়া সঠিক নিয়মেই হয়েছে।’ ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি করে দিয়েছি। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।