পরের দিন আসতে বলায় ছাত্রলীগ নেতার ভাঙচুর
ছাত্রলীগের এক নেতাকে পরের দিন আসতে বলায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগে গতকাল মঙ্গলবার ভাঙচুর চালিয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ডিগ্রি (পাস) প্রথম বর্ষে ভর্তির জন্য কলেজ কর্তৃপক্ষ গতকাল ও আজ বুধবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সময় নির্ধারণ করে। গতকাল বেলা আড়াইটার দিকে কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ভর্তি-ইচ্ছুক এক ছাত্রকে নিয়ে অর্থনীতি বিভাগে যান। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় ওই বিভাগের প্রভাষক মামুন আহমেদ তাঁদের পরের দিন (আজ) নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে বলেন। এতে কামরুল ক্ষিপ্ত হয়ে সেখান থেকে কলেজ ছাত্র সংসদে ফিরে যান। এ সময় সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে তিনটার দিকে ছাত্র সংসদ থেকে কামরুল ও পাঁচ-সাতজন কর্মী লাঠিসোঁটা নিয়ে অর্থনীতি বিভাগের কার্যালয় এবং একটি সেমিনার কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন।
প্রভাষক মামুন আহমেদ প্রথম আলোকে বলেন, সকাল নয়টা থেকে একটা পর্যন্ত ভর্তির জন্য টাকা জমা নেওয়া হয়। ছাত্রলীগের নেতা কামরুল নির্ধারিত সময়ের অনেক পরে আসায় তাঁকে বুধবার (আজ) নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে বলা হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে চলে যান। ১০-১৫ মিনিট পর তিনি পাঁচ-সাতজন নেতা-কর্মী নিয়ে এসে ভাঙচুর চালান।
বক্তব্য জানতে কামরুল হাসানের মুঠোফোনে কল করলেও তা বন্ধ পাওয়া গেছে।
রফিকুল ইসলাম বলেন, ‘কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের সভা ছিল। তাই তাঁদের অনুরোধে সেখানে গিয়েছিলাম। কলেজে ভাঙচুরের ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়। সাধারণ শিক্ষার্থীরা ভাঙচুর চালিয়েছে বলে শুনেছি।’