ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু মনে করেন, ২০১৪ সালের নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরের নির্বাচনের জন্য পদক্ষেপ নেওয়াই হবে যথাযথ পদক্ষেপ। বাংলাদেশের পরবর্তী নির্বাচনকে যতটা সম্ভব অংশগ্রহণমূলক করা যায়, সেই লক্ষ্যে সব রাজনৈতিক দল নির্বাচনে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পিয়েরে মায়াদু গতকাল সোমবার সকালে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই আশাবাদ জানান। ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় বা ইউরোপীয় সম্প্রদায় প্রতিষ্ঠার ভিত্তিমূল ট্রিটি অব রোমের ৬০তম বার্ষিকী উপলক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়।
প্রায় আধা ঘণ্টার এই সংবাদ সম্মেলনে পিয়েরে মায়াদু কোনো বক্তৃতা করেননি। নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার, বাংলাদেশ-ইইউ সম্পর্ক, পোশাকশিল্পের পরিস্থিতি, ফ্রান্সের নির্বাচনের ফলাফল, রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।
বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে পিয়েরে মায়াদু বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পরের নির্বাচনে কে অংশ নেবে কিংবা কে নেবে না কিংবা কেন, এই বিশ্লেষণে যেতে পারি না। তবে আমাদের প্রত্যাশা, বাংলাদেশের সব রাজনৈতিক শক্তি অবশ্যই নির্বাচনে অংশ নিয়ে সেটিকে যতটা সম্ভব অংশগ্রহণমূলক করা যায়, তা করবে।’
হেফাজতে ইসলাম প্রসঙ্গে জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘আমরা অবশ্যই সমাজের সব পক্ষকে যুক্ত করার নীতিতে বিশ্বাসী। কাজেই যাঁরা আড়ালে চলে যেতে পারেন, তাঁদের যুক্ত করার সিদ্ধান্তকে ইতিবাচক মনে করি।’