পরেশ চন্দ্র সাহা মারা গেছেন
বামপন্থী নেতা ও সাপ্তাহিক নতুন কথার সাবেক নির্বাহী সম্পাদক পরেশ চন্দ্র সাহা গতকাল শনিবার সকাল সোয়া সাতটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাজধানীর ধানমন্ডি রেনেসাঁ ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ডায়াবেটিকসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গতকাল বিকেলে পোস্তগোলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।কমরেড পরেশ চন্দ্র সাহার মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস ও সহসমন্বয়ক নজরুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে তাঁরা বলেন, সাম্রাজ্যবাদবিরোধী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনে পরেশ চন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। বিবৃতিতে তাঁরা প্রয়াত সাহার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।