পরেশ বড়ুয়া চীনে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া এখন চীনে আছেন। ভারতের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে গতকাল সোমবার এ খবর দিয়েছে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, পরেশ বড়ুয়া দুই বছর ধরে চীনের রুই লি শহরে আছেন। দুই সন্তানসহ বড়ুয়ার স্ত্রী ঢাকায় থাকেন বলে খবরে বলা হয়।
চীনে পরেশের বসবাসের এই খবর পাওয়া যায় গত সপ্তাহে তাঁর প্রধান সহযোগী জ্যোতির্ময় বারালিকে করা এক ফোনের সূত্র ধরে। জ্যোতির্ময় মিয়ানমারে উলফার শিবির দেখভালের দায়িত্বে আছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, একটি টেলিফোন নির্দেশিকাসহ একটি ব্যাগ কোথায় আছে তা নিশ্চিত না হওয়ার কারণে পরেশ বড়ুয়ার ফোন দীর্ঘদিন ধরে বন্ধ ছিল বলে গোয়েন্দা সূত্র দাবি করে। বলা হয়, ব্যাগটি উলফার সহ-অর্থ সম্পাদক পার্থ গগৈয়ের কাছে ছিল। গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বড়ুয়ার নেতৃত্বাধীন উলফার অংশটি (উলফা-ইনডিপেনডেন্ট) বিশ্বাসঘাতকতার অভিযোগে পার্থকে মেরে ফেলে।