১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া ভারতের নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন দলটির একাংশের (উলফা-ইনডিপেনডেন্ট) সভাপতি অভিজিত আসম। গত শনিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের কাছে পাঠানো এক ই-মেইলে তিনি এই আবেদন জানান।
ই-মেইল বার্তায় অবশ্য অস্ত্র সংগ্রহে পরেশ বড়ুয়ার সম্পৃক্ততা স্বীকার করে নেওয়া হয়। বলা হয়, ‘ভারতের চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে আত্মরক্ষার তাগিদেই আমাদের সামরিক প্রধান (পরেশ বড়ুয়া) অস্ত্র সংগ্রহে সম্পৃক্ত হয়েছিলেন।’
বাংলাদেশের আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিজিত বলেন, পরেশ অপরাধী নন। বাংলাদেশের প্রচলিত আইনে পরেশের রায় পুনর্বিবেচনা হবে বলে বার্তায় আশা প্রকাশ করা হয়। গত ৩০ জানুয়ারি চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ অস্ত্র মামলার রায়ে পরেশসহ ১৪ জনকে ফাঁসির দণ্ডাদেশ দেন। আসাম ট্রিবিউন।