পরোয়ানা থানায় গেলেই খালেদা জিয়া গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে
জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

আদালতের নির্দেশ থানায় গেলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে এবং তাঁর কার্যালয়ও তল্লাশি করা হবে। গতকাল বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের সদস্য এম এ আউয়ালের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আইন তার আপন গতিতে চলবে। যিনি যে অপরাধ করেছেন, আইন মোতাবেক তাঁর বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া হবে। আদালত খালেদা জিয়ার কার্যালয় তল্লাশির নির্দেশ দিয়েছেন। যখনই গুলশান থানায় আদালতের আদেশ পৌঁছাবে, তখনই তল্লাশি চালানো হবে। আমি মনে করি, তল্লাশি চালানো প্রয়োজন। কারণ তিনি এখন আর বিএনপির নেত্রী নেই, জঙ্গি নেত্রী। নিজের ছেলের লাশ যেদিন এসেছিল, সেদিনও অবরোধ তোলেননি। তাঁর কাছ থেকে জাতি কী আশা করতে পারে?’
এম এ আউয়ালের অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, মানুষ ঘৃণাভরে খালেদা জিয়ার জ্বালাও-পোড়াও এবং পেট্রলবোমা মেরে মানুষ হত্যা প্রত্যাখ্যান করেছে। তাঁর দলের নেতা-কর্মীরাও এখন তাঁর সঙ্গে নেই। তাঁর কর্মসূচিতে ৬৪ দিনে ১১৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন হাজারের বেশি। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে দেশের যেকোনো নাগরিকের দায়িত্ব আত্মসমর্পণ করা। খালেদা জিয়া আদালতের আদেশ অমান্য করে একটি খারাপ উদাহরণ সৃষ্টি করেছেন। বিএনপি-জামায়াতের নেত্রী খালেদা জিয়া যেসব দাবি–দাওয়া দিয়েছেন, তার সবই নিজের ও ছেলের জন্য। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, প্রতিদিন হরতাল না দিয়ে একসঙ্গে সারা বছরের জন্য হরতাল দিয়ে দিলেই তো পারেন।
শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আইন মোতাবেক অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আশ্বাস দিতে পারি, সেদিন বেশি দূরে নয়। খালেদা জিয়া যাঁদের মুখাপেক্ষী হয়ে বসে ছিলেন, ভেবেছিলেন একেবারে দোর খুলে তাঁকে ক্ষমতায় বসিয়ে দেবেন, সেই বিদেশিরাও এখন নেই। তাঁরা এখন খালেদা জিয়াকে বলছেন, বোমা হামলা, সন্ত্রাস বন্ধ করতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ খালেদা জিয়ার আন্দোলনের বিরুদ্ধে সজাগ হয়েছেন। হামলাকারীদের ধরে ধরে গণধোলাই দিচ্ছেন। এভাবে মানুষ জাগতে থাকলে তাঁর আর কিছুই করার থাকবে না। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে।
সেমিফাইনালে খেলবে বাংলাদেশ: বাংলাদেশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এই আশার কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। এ জন্য আমি জাতীয় সংসদের সব সদস্যের পক্ষ থেকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ তিন ম্যাচে জয়ী হয়েছে। এক ম্যাচ টাই হয়েছে। বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলবে। আশা করি কোয়ার্টার ফাইনালে জিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ হয়তো একদিন ফাইনালে গিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে আনবে।
গত সোমবার দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের ওভাল মাঠে বাংলাদেশ ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করে।
এ উপলক্ষে গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সংসদে মিষ্টি বিতরণ করেন।