পরোয়ানাভুক্ত আসামি ধরায় হাটহাজারীতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে মারামারির মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়কে অবরোধ করেছে তাঁর অনুসারীরা। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে অক্সিজেন-হাটহাজারী সড়কের বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করা হয়। আধঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল মো. জাহাঙ্গীর গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আদালতের পরোয়ানা থাকায় মো. বেলাল নামের এক যুবককে সন্ধ্যায় ছড়ারকুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর অনুসারীরা সড়কের ২ নম্বর গেট, ১১ মাইল, ইসলামিয়ার হাট এলাকায় অবস্থান নেয়। এ সময় রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম থেকে আসা গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় লোকজন জানান, বেলালকে থানা থেকে ছাড়াতে স্থানীয় এক যুবলীগ নেতা ফোন করেন। কিন্তু পরোয়ানা থাকায় তাঁকে পুলিশ ছাড়েনি। এ কারণে ক্ষিপ্ত হয়ে সড়কে অবরোধ করা হয়।