বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা মানহানির মামলায় আগামী ৩০ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা তামিল-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার এ মামলায় তারেক রহমান ও মির্জা ফখরুলের বিরুদ্ধে দেওয়া পরোয়ানা তামিল-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। পল্টন থানার পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আতাউল হক নতুন এই তারিখ ধার্য করেন। গত ২০ জানুয়ারি এই দুজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলায় বলা হয়, ২০১৪ সালের ২৪ আগস্ট লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান বলেন, ‘আওয়ামী লীগ নেতারা কুলাঙ্গার এবং শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী।’ ২ সেপ্টেম্বর জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষে জয় পাকিস্তান বলেন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দেননি।’ এসব বক্তব্য সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় নিজের সুনাম ক্ষুণ্ন হয়েছে দাবি করে ৮ সেপ্টেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলা করেন।