পরোয়ানা স্থগিত চেয়ে হাইকোর্টে কুমিল্লার মেয়রের আবেদন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় বিচারিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও বিএনপির নেতা মনিরুল হক সাক্কু। গতকাল বুধবার ওই আবেদনের অনুলিপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান।
ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা গত ১৮ এপ্রিল ওই মামলায় মনিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ আদেশ বাতিল চেয়ে ২৭ এপ্রিল মনিরুলের পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন।
আবেদনে ১৮ এপ্রিল দেওয়া গ্রেপ্তারি পরোয়ানার আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। এতে রাষ্ট্রপক্ষ ও দুদককে বিবাদী করা হয়েছে। রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় পরোয়ানার আদেশ স্থগিত অথবা নতুন করে জামিন দেওয়ার আরজি জানানো হয়েছে।