পরোয়ানাভুক্ত আসামি উপজেলা চেয়ারম্যান সভা-সেমিনারে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, কিন্তু তিনি প্রকাশ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। গতকাল বুধবারও স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একাধিক অনুষ্ঠানে অতিথি ছিলেন। তিনি হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।

হাফিজুর রহমান গত বছরের ডিসেম্বরে আওয়ামী লীগে যোগ দেন। এর আগে তিনি দিরাই উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাফিজুর রহমান গতকাল সকালে দিরাই শহরে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। তিনি শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তকরণে অংশ নেন। পরে উপজেলা গণমিলনায়তনে আলোচনা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ জয়া সেনগুপ্তা। দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে হাফিজুর রহমান তালুকদার সভাপতিত্ব করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। বিকেলে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসকের পাশের চেয়ারে বসা ছিলেন হাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাছুম বিল্লাহ। এ দুই অনুষ্ঠানের ছবিও জেলা প্রশাসনের ফেসবুক পেজে দেওয়া হয়েছে।

থানার পুলিশ, এজাহার ও এলাকাবাসী সূত্র জানা গেছে, দিরাই উপজেলার জারলিয়া জলমহালের দখলকে কেন্দ্র করে গত ১৭ জানুয়ারি আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিন ব্যক্তি মারা যান। ঘটনার দুই দিন পর ১৯ জানুয়ারি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরার হোসেন বাদী হয়ে দিরাই থানায় ৩৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে দিরাই পৌরসভার মেয়র ও দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানসহ ৩৯ জনকে আসামি করা হয়। অন্যদিকে জলমহাল লুটপাটের অভিযোগে একরার হোসেনসহ ২৯ জনকে আসামি করে দিরাই থানায় একই দিন আরেকটি মামলা করেন স্থানীয় দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় রায়।

একরার হোসেনের দায়ের করা মামলায় হাফিজুর রহমান তালুকদার, মোশারফ মিয়া, প্রদীপ রায়সহ আটজন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তাঁরা হাজির হননি। পরে মামলার বাদী একরার হোসেন বিচারিক হাকিম আদালতে (দিরাই জোন) গত ৩ মে আবেদন করলে আদালতের বিচারক এই আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এ বিষয়ে জানতে চেষ্টা করেও হাফিজুর রহমান তালুকদারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, ‘আমি সম্প্রতি সুনামগঞ্জে যোগদান করেছি। উনি (হাফিজুর রহমান) যে হত্যা মামলার আসামি, তা আমার জানা ছিল না।’

দিরাই থানার ওসি মোস্তফা কামাল বলেন, মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। পরোয়ানাভুক্ত আটজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ তৎপর আছে।