পরোয়ানার আট মাসেও কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দরে আমতলীতে গৃহবধূ মুর্শিদাকে পুড়িয়ে হত্যার মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। আট মাস আগে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। প্রধান আসামি আমতলী বাজারে মোটরসাইকেলের দোকানে কাজ করছেন। কিন্তু পুলিশ বলছে, পরোয়ানার বিষয়টি তাদের জানা নেই।মামলার বাদী নিহত গৃহবধূর বাবা মোফাররদ হোসেন অভিযোগ করেন, আসামি মকলেসুর রহমান স্থানীয় আমতলী বাজারে তাঁর আপন ভাতিজা আবদুল কাদেরের মোটরসাইকেলের গ্যারেজে কাজ করছেন। পুলিশ ওই গ্যারেজে গিয়ে চা-মিষ্টি খেয়ে মাসোহারা নিয়ে চলে আসে।মুর্শিদার ছেলে আমবাড়ী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মিশকাত শরীফ জানায়, তার বাবা মহসিন সরকার সৌদি আরবে থাকেন। বাবা টাকা পাঠাতেন, মা আমতলী বাজারে নতুন বাড়ি তৈরির কাজ তদারক করতেন। চাচা মকলেসুর মায়ের কাছ থেকে এক লাখ টাকা ধার চেয়েছিলেন। মা দিতে রাজি না হওয়ায় ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি মকলেসুর ও ফুপু শারমিন (১৮) মায়ের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।দুপুর সাড়ে ১২টায় বাড়ি এলে চাচা ও ফুপু মিশকাতকে জানান, তার মা শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। এরপর সে মায়ের ঘরের সামনে গিয়ে দরজা বাইরে থেকে তালা লাগানো দেখে। চিৎকার করলে চাচা ঘর খুলে দেন। এরপর মিশকাত দেখে, মায়ের শরীর পুড়ে গেছে। ঘরজুড়ে কেরোসিনের গন্ধ। বুকে জাপটে ধরে জিগ্যেস করলে মা তাকে বলেন, ‘তোর চাচা-ফুপু মিলে আমার এই হাল করেছে।’মিশকাতের নানা মোফাররদ হোসেন জানান, মুর্শিদাকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর পাঁচ দিন পর মুর্শিদা মারা যান। তিনি বলেন, ২০১১ সালের ৮ মার্চ চিরিরবন্দর থানায় মামলা করা হয়। পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই বছরের ৮ মে মকলেসুর ও শারমিনকে আসামি করে আদালতে মামলা করেন। কিন্তু পুলিশ শারমিনকে বাদ দিয়ে শুধু মকলেসুরের নামে ২০১১ সালের ২৩ আগস্ট অভিযোগপত্র দেয়।এ বিষয়ে আদালতে নারাজি দেওয়া হলে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। ২০১২ মালের ১১ এপ্রিল বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়। ওই বছরের ২১ জুন নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক এম এ নূর আসামি মকলেসুর রহমান ও শারমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু আট মাস পরও পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তার তো দূরের কথা, তাঁদের বাড়িতেই যায়নি মর্মে অভিযোগ করেন বাদী মোফাররদ হোসেন।জানতে চাইলে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তিনি মামলাটির বিষয়ে জানেন না। তবে ফাইল দেখে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।