পরোয়ানার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের রাজপাড়া থানার পুলিশ গতকাল বুধবার ইকবাল হোসেন মিন্টু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর গাড়ি থেকে একটি শটগান, চারটি গুলি ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অস্ত্রের লাইসেন্স থাকায় তাঁর বিরুদ্ধে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।ইকবাল হোসেন (৪৫) সুধা সদনের সাবেক টেলিফোন অপারেটর। তাঁর বিরুদ্ধে অপর একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ জানায়, ইকবাল হোসেনের আদিনিবাস পাবনার ঈশ্বরদীতে। পরে তাঁরা রাজশাহী মহানগরের রাজপাড়া এলাকায় একটি বাড়ি করেন। কয়েক মাস আগে ইকবালের স্ত্রী ইসম আরা তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে নগরের বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেন। এই মামলাকে মিথ্যা দাবি করে কিছুদিন আগে ইকবাল রাজশাহী পুলিশ কমিশনারের কার্যালয়ে পাল্টা একটি অভিযোগ করেন। পুলিশ কমিশনারের কার্যালয় থেকে বিষয়টি তদন্তের জন্য রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রোকনুজ্জামানকে গত ১৭ এপ্রিল দায়িত্ব দেওয়া হয়। গতকাল বুধবার উভয় পক্ষকে পুলিশ কমিশনারের কার্যালয়ে শুনানির জন্য ডেকে পাঠানো হয়।পুলিশ জানায়, গতকাল দুপুরে ইকবাল ১০টি মাইক্রোবাসে ৫০-৬০ জন লোক নিয়ে পাবনা থেকে আসেন। তাঁর আসার খবর পেয়ে নগরের রাজপাড়া থানার পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হয়। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশ তাঁর গাড়িবহরের কাগজপত্র যাচাই করে বেশ কয়েকটি গাড়িকে জরিমানা করে। ইকবালের নিজের গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রোকনুজ্জামান নিশ্চিত করেন, ইকবাল সুধা সদনের টেলিফোন অপারেটর ছিলেন। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক নেতার জামাই।