পরোয়ানার পরও আদালতে অনুপস্থিত সাক্ষীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় হওয়া মামলায় সাক্ষ্য পরোয়ানা জারির পরও অধিকাংশ সাক্ষী আদালতে উপস্থিত হননি। আজ সোমবার আদালতে উপস্থিত থাকতে মামলার পাঁচজন সাক্ষীর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু সাক্ষ্য দিয়েছেন মাত্র একজন।

আদালত সূত্র জানায়, আজ মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আজ আদালতে হাজির হতে পাঁচজন সাক্ষীর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। ওই পাঁচ সাক্ষী হলেন ঘিওর থানার কনস্টেবল মো. মিন্টু, তৎকালীন কনস্টেবল লিটন কাজী, উপপরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম ও শিবালয়ের বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম। গত ১৬ আগস্ট মানিকগঞ্জের পুলিশ সুপারের মাধ্যমে এই সাক্ষ্য পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা অনুযায়ী, ঘিওর থানার বর্তমান ওসিকে সাক্ষীদের আদালতে উপস্থিত করতে নির্দেশ দেওয়া হয়। তবে পাঁচ সাক্ষীর মধ্যে শুধু কনস্টেবল মিন্টু আজ আদালতে সাক্ষ্য দেন। তাঁর সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে গত চার বছরে ৩৯ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

আদালত সূত্র জানায়, এর আগে একাধিকবার সমন জারির পরও মামলার সাক্ষীদের কেউ কেউ আদালতে অনুপস্থিত ছিলেন। গত ১৪ আগস্ট পাঁচজন সাক্ষীকে আদালতে হাজির হতে সমন জারি করা হলেও সাক্ষ্য দেন তিনজন। বাকি দুজন সাক্ষীর মধ্যে ঘিওর ফায়ার স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা খন্দকার আবদুল হামিদ মারা গেছেন। অপর সাক্ষী স্কয়ার হাসপাতালের চিকিৎসক সানোয়ার হোসাইন অনুপস্থিত থাকায় এখনো তাঁর সাক্ষ্য গ্রহণ হয়নি।

আজ সাক্ষ্য গ্রহণকালে রাষ্ট্রপক্ষে (বাদীপক্ষ) মামলা পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারী কৌঁসুলি (এপিপি) আফছারুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন মানিকগঞ্জ বারের আইনজীবী মাধব সাহা। সাক্ষ্য গ্রহণ করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। এ সময় আসামি জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আগামী ২৫ সেপ্টেম্বর আদালত মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

এপিপি আফছারুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে সাক্ষীদের অনুপস্থিতির কারণে সাক্ষ্য গ্রহণ ধীরগতিতে চলছে। পরোয়ানা জারির পরও সাক্ষীরা যথাসময়ে আদালতে উপস্থিত হন না। পরোয়ানা জারির পর আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।

এ ব্যাপারে ঘিওর থানার ওসি মিজানুর রহমান বলেন, পরোয়ানার কোনো কাগজ তিনি পাননি। তা ছাড়া মামলায় যাঁদের সাক্ষী করা হয়েছে, তাঁরা অন্য জায়গায় চলে গেছেন।

২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা পরিবহনেরে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক মাসুদ, মিশুক মুনীরসহ মাইক্রোবাসে থাকা পাঁচজন ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ওই দিনই ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাদী হয়ে বাসের চালক জামির হোসেনকে আসামি করে মামলা করেন। মামলায় বাসের চালক জামির হোসেনের বিরুদ্ধে দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়। তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ২১ মার্চ মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ১০ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচারকাজ শুরু হয়।