২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা বিস্ফোরক মামলায় তারেক রহমানসহ পলাতক ১২ আসামির বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি ও মালামাল জব্দ করা-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ।১৪ জুলাই আদালত প্রতিবেদন দাখিলের দিন গতকাল ২৬ জুলাই ধার্য করেছিলেন। ঢাকার মহানগর দায়রা জজ মো. জহিরুল হক আগামী ১১ আগস্ট এই প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন।এর আগে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ মামলায় গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩১ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে মুক্ত বিএনপির নেতা আরিফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।আদালত ১২ দিনেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা না হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। আদালত বলেন, একটি চাঞ্চল্যকর মামলায় ১২ দিনেও প্রতিবেদন পাঠাতে পারেনি পুলিশ। ১২ দিনে বগুড়ার গাবতলী হেঁটে গেলেও তো দুবার যাওয়া যেত। এভাবে বিচারকাজ চলতে পারে না। বিচারক রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।এ সময় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান নতুন তারিখের আগে পরোয়ানা জারির আশ্বাস দেন।গতকাল এ মামলার আসামি পুলিশের তিন সাবেক মহাপরিদর্শক (আইজিপি), এনএসআইয়ের পরিচালক আবদুর রহিম ও সাবেক তিন তদন্ত কর্মকর্তার জামিনের আবেদন করা হয়। আদালত তা নাকচ করে দেন। জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামানসহ ছয়জন তাঁদের আইনজীবীদের কথা বলার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় সৈয়দ রেজাউর রহমানকে সহায়তা করেন শাহ আলম তালুকদার, আবুল কালাম, আকরাম উদ্দিন প্রমুখ। আসামিপক্ষে ছিলেন টি এম আকবর, আবদুস সোবহান তরফদার, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মোহাম্মদ আলী প্রমুখ। এ মামলায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেওয়া মূল অভিযোগপত্রে ২২ জন ও সম্প্রতি দেওয়া সম্পূরক অভিযোগপত্রে ৩০ জনকে আসামি করা হয়। এ নিয়ে মোট আসামির সংখ্যা ৫২ জন। এর মধ্যে মূল অভিযোগপত্রের আটজন ও সম্পূরক অভিযোগপত্রের ১২ জনসহ মোট ২০ জন আসামি পলাতক রয়েছেন। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ ব্যক্তি।