পর্তুগাল, জার্মানি ও মিসরে নতুন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পর্তুগাল, জার্মানি ও মিসরে রাষ্ট্রদূত পদে তিনজন কূটনীতিককে নিয়োগ দিয়েছে। তাঁদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দূরপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগর অণু বিভাগ) মো. রুহুল আলম সিদ্দিককে পর্তুগালে রাষ্ট্রদূত পদে নিয়োগ করা হয়েছে। পর্তুগালের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদকে জার্মানিতে এবং জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকারকে মিসরে রাষ্ট্রদূত পদে বদলি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পেশাদার কূটনীতিক রুহুল আলম সিদ্দিক বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি নয়াদিল্লি, বার্লিন, সিঙ্গাপুর সিটি ও করাচিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

জার্মানিতে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি সুইডেন, নেপাল ও ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া কূটনীতিক হিসেবে তিনি ওয়াশিংটন, রোম, কুয়ালালামপুর ও কায়রোতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

মিসরে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। জার্মানির আগে তিনি নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কূটনীতিক হিসেবে তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন ছাড়াও ব্রাসেলস মিশনে কাজ করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাশিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ আলী সরকার।