
আজ শুক্রবার শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৪। বই নিয়ে লেখক-প্রকাশক-ক্রেতা-দর্শকের এই উৎসবে পর্দা পড়বে আজ। গতকাল বৃহস্পতিবার মেলায় সবার তাই মন খারাপ। মেলা প্রাঙ্গণে শেষবেলার সময় বাড়ানোর দাবির রোদন ধ্বনিত হয়েছে। কাজ হয়নি। আজ শেষ দিন মেলার দ্বার খুলবে বেলা ১১টায়। শেষ হবে রাত নয়টায়।
প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ। ধর্মান্ধতা, মৌলবাদীদের বিরুদ্ধে তাঁর লেখা ছিল ক্ষুরধার। অমর একুশে গ্রন্থমেলার নিয়মিত মুখ ছিলেন তিনি। কিন্তু ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি পরমাণু শক্তি কমিশনের সামনে তাঁর ওপর হামলা চালায় একটি মৌলবাদী গোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনে অবস্থিত তথ্যকেন্দ্রের সামনে হুমায়ুন আজাদের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনির সভাপতিত্বে বক্তব্য দেন হুমায়ুন আজাদের কন্যা মৌলি আজাদ, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, কবি মোহন রায়হান প্রমুখ।
এবারের বিক্রি খুবই ভালো
গতকাল সাপ্তাহিক ছুটির দিনের মতো জমে উঠেছিল মেলা। প্রাঙ্গণজুড়ে ভিড়, স্টলের সামনে ভিড়, লিটল ম্যাগাজিন চত্বরে ভিড়। যে কয়টা স্টলের কথা বারবার লেখা হয়, তার বাইরে অসংখ্য স্টলের সামনে ক্রেতারা ভিড় করে বই কিনছে।
সময় প্রকাশনের ফরিদ আহমেদ বলেছেন, ‘গতবারের চেয়ে ভালো বিক্রি হয়েছে এবার। ভাষাসৈনিক আহমদ রফিকের দেশ বিভাগ: ফিরে দেখা বইটির ভালো চাহিদার কথা উল্লেখ করে অনিন্দ্য প্রকাশের আফজাল হোসাইন বলেন, ‘সিরিয়াস বইয়ের প্রতি পাঠকের আগ্রহ বেড়েছে। প্রবন্ধ ও গবেষণামূলক বইয়ের প্রতি ক্রেতাদের আগ্রহ দেখা গেছে এবার।’ মাওলা ব্রাদার্সের আহমেদ মাহমুদুল হক জানালেন, ‘বিক্রি ভালো। অনেক ভালো। নতুন, পুরাতন সব ধরনের বই কিনে নিয়ে যাচ্ছে পাঠক।’ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মিলন কান্তি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মেলা সম্প্রসারিত হওয়ায় পাঠকেরা দেখে-শুনে বই কিনতে পেরেছে। বিক্রিও খুব ভালো হয়েছে।
স্মৃতিতে সৈয়দ ওয়ালীউল্লাহ
মেলায় এসেছে সৈয়দ আবুল মকসুদের স্মৃতিতে সৈয়দ ওয়ালীউল্লাহ বইটি। সৈয়দ ওয়ালীউল্লাহর আত্মীয়, বন্ধুবান্ধব ও সমসাময়িক বিশিষ্টজনের সঙ্গে আলাপচারিতার ভিত্তিতে তাঁর ব্যক্তিজীবন এবং মানস-পরিচয় তুলে ধরেছেন গবেষক সৈয়দ আবুল মকসুদ। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।
মেলায় চিকিৎসক প্রণব কুমার চৌধুরীর পাঁচটি নতুন বই এসেছে। এর মধ্যে সময় প্রকাশন এনেছে ডাক্তার ও দেব শিশু, রূপ প্রকাশন থেকে ছোটদের চিকিৎসাসমগ্র ও ডাক্তার মামার স্বাস্থ্যবচন। মেলায় অনার্য প্রকাশনী থেকে এসেছে শামীম আল আমিনের ইবু’র পোষা কাক, উৎস এনেছে সুমনকুমার দাশ সম্পাদিত কাশিনাথ দাশ তালুকদার প্রণীত সূর্যব্রত সঙ্গীত ও অন্যান্য, ঐতিহ্য এনেছে আবদুল মান্নান স্বপন সম্পাদিত গালি অভিধান, অ্যাডর্ন এনেছে হাসনাত আবদুল হাইয়ের ফর্ম দ্য হর্স মান্থ ইত্যাদি।
বাংলাদেশ নিয়ে
মেলার ২৭তম দিনে নতুন বই এসেছে ১২২টি। এদিন ১৫টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয় নজরুল মঞ্চে। বিকেলে বাংলা একাডেমির ‘মোদের গরব’ ভাস্কর্যের সামনে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের ফেসবুকে লেখার সংকলন বাংলাদেশ নিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রমুখ।
বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার
সন্ধ্যায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার ২০১৩ প্রদান অনুষ্ঠান। প্রবাসে বাংলা ভাষা-সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হলো। পুরস্কারপ্রাপ্ত লেখকেরা হলেন ইসহাক কাজল, গোলাম আবু জাকারিয়া ও ফারুক আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক শামসু্জ্জামান খান। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
মানসম্মত বইয়ের জন্য পুরস্কার পেল প্রথমা প্রকাশন
এবারের অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমির ‘শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৪’ পেয়েছে প্রথমা প্রকাশন। ২০১৩ সালে অধিক সংখ্যায় মানসম্মত বই প্রকাশের জন্য প্রথমা এ পুরস্কার পেল। বাংলা একাডেমির বিবেচনায় প্রথমা প্রকাশিত মানসম্মত বইগুলোর মধ্যে রয়েছে: আকবর আলি খানের আজব ও জবর আজব অর্থনীতি, তারেক মাসুদের চলচ্চিত্রলেখা: চিত্রনাট্য ও গান এবং মিজানুর রহমান খানের মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড। এ বছর একই পুরস্কার পেয়েছে প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্স ও অন্বেষা। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় অমর একুশে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে।
প্রথমা প্রকাশন একুশে বইমেলায় অংশগ্রহণ করছে ২০১০ সাল থেকে। পরের বছর ‘শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১১’ পায় প্রথমা। ২০১২ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ক্লিনটন বি সিলির অনন্য জীবনানন্দ গ্রন্থের জন্য প্রথমা বাংলা একাডেমির ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ২০১২’ লাভ করে। সিলির মূল গ্রন্থ আ পোয়েট অ্যাপার্ট-এর বাংলা অনুবাদ করেছেন ফারুক মঈনউদ্দীন। ২০১৩ সালে উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে বইটির জন্য প্রথমা প্রকাশন বাংলা একাডেমির একই পুরস্কার পায়। বইটির লেখক সুফি মোস্তাফিজুর রহমান ও হাবিবুল্লাহ পাঠান।