পর্দার অন্তরালে যেন কিছু না ঘটে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি বলেছে, বাহ্যিকভাবে সারা দিন নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে পর্দার অন্তরালে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় সূক্ষ্ম বা স্থূল ইঞ্জিনিয়ারিং ঘটতে পারে।

আজ বুধবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন শেষ হওয়ার ২০ মিনিট পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ শঙ্কা প্রকাশ করেন। এর আগে সকাল পৌনে ১১টায় ও দুপুর ১টায় তিনি ব্রিফিং করে বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক ও সন্তোষজনক আছে।
বিকেলের সংবাদ ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘এ সরকারের সময়ে নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়ার ঘটনা আমরা বহুবার দেখেছি। সংশয় হচ্ছে, শেষ মুহূর্তে কোনো ইঞ্জিনিয়ারিং ঘটে কি না। তাই প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে আহ্বান, ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত পর্দার অন্তরালে যেন কোনো কিছু না ঘটে।’
এ সময় বিএনপির এই নেতা দলীয় প্রার্থীর সব নিবানী এজেন্টদের ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত দৃষ্টিসীমার মধ্যে সতর্ক অবস্থানের আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘বাহ্যিকভাবে যা দেখেছি, তাতে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে পর্দার অন্তরালে কি হয় তা আমাদের জানা নেই। ফলাফল ঘোষণার পর বলতে পারব।’
আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের প্রার্থী তো বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। যদি সত্যিকার অর্থে কোনো কারচুপি না হয়, তাহলে জনগণের ইচ্ছা মেনে নেব। তবে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু করা যায়।’