পর্দার আড়ালে ভূমিকা রাখতে পারে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে বৈঠক করে ইসি। ছবি: লুৎফরজামান
সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে বৈঠক করে ইসি। ছবি: লুৎফরজামান

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে একই ধরনের যেসব প্রস্তাব পাওয়া যাবে, সেগুলো বিবেচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া রাজনৈতিক প্রস্তাবগুলো সব দলের সমন্বয়ে রাজনৈতিকভাবে সমাধান করা যায়, তবে ‘বিহাইন্ড দ্য স্ক্রিন’ (পর্দার আড়ালে) থেকে ইসি ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে বৈঠক করে ইসি। এরপর নির্বাচন ভবন মিলনায়তনে বিকেলে সাংবাদিকদের কাছে দুই রাজনৈতিক দলের প্রস্তাবগুলো তুলে ধরেন সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘কিছু কিছু প্রস্তাব আছে, যেগুলো রাজনৈতিক। কিছু কিছু প্রস্তাব আছে সাংবিধানিক। কিছু কিছু বিষয় আছে নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রস্তাব। রাজনৈতিক প্রস্তাবগুলোর বিষয়ে নির্বাচন কমিশন বলেছে, এসব বিষয় রাজনৈতিক দলের সমন্বয়ে রাজনৈতিকভাবে সমাধান করা যায়। এগুলোয় ইসির খুব বেশি ভূমিকা নেই। তবে ইসি বিহাইন্ড দ্য স্ক্রিনে (পর্দার আড়ালে) হয়তো ভূমিকা রাখতে পারে, এ ধরনের কথা বলা হয়েছে।’

হেলালুদ্দীন আহমদ বলেন, বিএমএল তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনের এক মাস আগে বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েন করাসহ মোট ১১টি প্রস্তাব দিয়েছে। এ ছাড়া তারা সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের নামে মামলা প্রত্যাহারের বিষয়েও প্রস্তাব দিয়েছে। নির্বাচনের সময় জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসির অধীনে রাখা এবং সরকারি ও বিরোধী দলগুলোর মধ্যে সংলাপের জন্য ইসির মধ্যস্থতার কথাসহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে খেলাফত মজলিস।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, জ্বালাও-পোড়াও, মানুষ পুড়িয়ে মারা এবং সহিংসতাসহ ফৌজদারি মামলা প্রত্যাহারের বিষয়ে কমিশন কোনো ব্যবস্থা নেবে না। সুষ্ঠু নির্বাচন করতে যা যা করা দরকার, তা ইসি করবে। তবে মামলা প্রত্যাহার বিষয়ে কমিশন কোনো সিদ্ধান্ত দেয়নি।

এর আগে বিএমএলর সভাপতি এ এইচ এম কামরুজ্জামান মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরীসহ দলের ১০ জন প্রতিনিধি সংলাপে অংশ নেন। সংলাপে দলটির পক্ষ থেকে নির্বাচনকালীন সহায়ক সরকার ও সেনা মোতায়েনসহ ১১ দফা সুপারিশ করা হয়।

সংলাপ শেষে বিএমএলের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিএমএলর প্রস্তাবের মধ্যে তফসিল ঘোষণার পর বর্তমান সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকারের অধীনে নির্বাচন, ভোটের এক মাস আগে ভোটের পর অন্তত ১৫ দিন পর্যন্ত সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে রাখার দাবি করেছেন তাঁরা।

অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে ভোটের কার্যকর পরিবেশ নিশ্চিত করা, অবৈধ অর্থ ও পেশিশক্তির ব্যবহার বন্ধ, প্রকাশ্যে ভোটের ফল ঘোষণা, নিবন্ধিত সব দলের ভোটে অংশগ্রহণ নিশ্চিত করা, ভোটের এক বছর আগে থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, সরকারি সুবিধা নিয়ে প্রচারণা বন্ধ রাখা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং ভোটের তিন মাস আগে রাজনৈতিক মামলা প্রত্যাহার।

খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের তাঁর দলের বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

বেলা তিনটায় খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের দলের ১১ জন নেতাসহ ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়। তাঁরা ইসিকে ছয়টি ধারায় মোট ৩৪টি প্রস্তাব দিয়েছে। দলটির প্রস্তাবের মধ্যে ছিল—নির্বাচনের আগে সরকার ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা, বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েন করা, রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত শিথিল করা, ইভিএম  ব্যবস্থায় ভোট না নেওয়া এবং সরকারি চাকরি থেকে অবসরের পর তিন বছর নির্বাচনে অংশ না নেওয়ার শর্তটি পাঁচ বছর করার পরামর্শ দিয়েছে তারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসির মতবিনিময় শুরু হয়।

১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়। অক্টোবর পর্যন্ত নিবন্ধিত ৪০টি দলের সঙ্গে সংলাপ শেষ করার কথা রয়েছে।