পর্ন ছবি বিক্রির দায়ে ১০ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্ন ছবি বিক্রির অভিযোগে ঢাকার সাভারের রাজ্জাক প্লাজার বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ জন মালিক ও কর্মচারীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‍্যাব-৪ এর একটি ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কিছু কম্পিউটার জব্দ করা হয়। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চলে।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোবাইল লিংকের কর্মচারী জয় সাহা (২০), অনলাইন মোবাইল ভিশনের মালিক সাখাওয়াত হোসেন (৩৩), হাসন টেলিকমের কর্মচারী বাবর শিশির (৩০), বশির ইলেকট্রনিকসের কর্মচারী আল-আমিন (২১), স্কাই লিংকের কর্মচারী মিরাজুল হোসেন (২৩), মোবাইল ডট কমের কর্মচারী মো. হাসান (২৩), জিএস টেলিকমের কর্মচারী মোমিনুল ইসলাম (২২), জহুরা ইলেকট্রনিকসের কর্মচারী মো. হাবিব (২৮), রবি টেলিকমের কর্মচারী সাজেদুল ইসলাম (১৮) ও মিনহাজ টেলিকমের জনি ঘোষ (২৩)।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র‍্যাব) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত আজ সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার বিপণি বিতান রাজ্জাক প্লাজার তিন তলার বিভিন্ন কম্পিউটার ও মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী হাকিম আনিসুর রহমান। এ সময় আদালত ১০টি প্রতিষ্ঠানে কম্পিউটারের মাধ্যমে পর্ন বিক্রির সত্যতা পান। ওই প্রতিষ্ঠানের ১০ জন কর্মকর্তা-কর্মচারী পর্ন ছবি বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় তাঁদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী হাকিম আনিসুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্তরা দণ্ডবিধি ১৮৬০-এর ২৯২ ধারার অপরাধ করায় তাঁদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।