পর্নো ছবি-ভিডিও রাখায় পাঁচ দোকানির জরিমানা
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে কম্পিউটারের পাঁচ দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে চারটি কম্পিউটার। এসব দোকানে পর্নো ছবি ও ভিডিও বেচাকেনা হয়, ফেসবুকে এমন অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার সেখানে অভিযান চালানো হয়।
গতকাল বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন বাগেরহাটের নির্বাহী হাকিম এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। তিনি বলেন, চুলকাঠি বাজারে কয়েকজন অসাধু ব্যবসায়ী তাঁদের দোকানের কম্পিউটারের মাধ্যমে পর্নো ছবি ও ভিডিও এলাকার তরুণ এবং যুবসমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছেন বলে জেলা প্রশাসকের ফেসবুকে এক ব্যক্তি অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে পাঁচটি দোকানের কম্পিউটারে এ ধরনের ছবি ও ভিডিও পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে দোকানিরা স্বীকার করেন, ২০-৩০ টাকার বিনিময়ে তাঁরা এগুলো সরবরাহ করেন। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। সঙ্গে সঙ্গে তা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্ত দোকানিরা হলেন চুলকাঠি এলাকার গোপাল দেবনাথের ছেলে প্রসেনজিৎ দেবনাথ, দুলাল কৃষ্ণ দাসের ছেলে মিঠুন দাস, গৌর দেবনাথের ছেলে শোভন দেবনাথ, মো. জাকারিয়া শেখের ছেলে ওসমান গণি ও অনন্ত দাসের ছেলে সুশান্ত দাস।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর ফেসবুকে বাসে অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে ওই অভিযানকালে কয়েকটি বাসকে অর্থদণ্ড করা হয়।