পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ বিল সংসদে উত্থাপন
পর্নোগ্রাফি তৈরির জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ বিল, ২০১২’ গতকাল রোববার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিলটি উত্থাপন করেন।পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে চলচ্চিত্র, স্যাটেলাইট, ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে পর্নোগ্রাফি মারাত্মক ব্যাধির মতো দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। কিন্তু এ বিষয়ে সুনির্দিষ্ট আইন না থাকায় অপরাধ রোধ ও অপরাধীদের বিচার করা সম্ভব হচ্ছে না।বিলে কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদনের উদ্দেশ্যে কোনো নারী, পুরুষ বা শিশুকে প্রলোভন দিয়ে জ্ঞাতে-অজ্ঞাতে স্থির, ভিডিও বা চলচ্চিত্র ধারণ করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। শিশুদের ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণকারীদের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা: পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ আব্দুস শহীদ। প্রস্তাবটি সমর্থন করেন হুইপ আ স ম ফিরোজ।প্রথম দিনে আলী আশরাফ আলোচনা করেন।এরপর সংসদ অধিবেশন আজ সোমবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।