পর্বতারোহণ প্রশিক্ষণের গল্প শোনালেন তাঁরা
পিঠে ভারী ওজনের ব্যাগ নিয়ে যাত্রা শুরু। তারপর কখনো কৃত্রিম দেয়াল বেয়ে ওঠা বা রশি নিয়ে পাহাড় বেয়ে চলা। খাড়া সুড়ঙ্গে সাপের মতো ভঙ্গি করে পার হওয়া, তেল ক্যাম্প, জঙ্গল ক্যাম্প, বরফে কীভাবে ভারসাম্য রাখতে হয় অথবা তুষারঝড়ের কবল থেকে নিজেকে রক্ষার কৌশল শিখতে শিখতে বাংলাদেশের ইফফাত ফারহানা, ফৌজিয়া আহমেদ ও শায়লা পারভীন পৌঁছে গেলেন সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৮০০ ফুট উচ্চতায়। সেখানে তুলে ধরলেন বাংলাদেশের জাতীয় পতাকা।
শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশের আরেক নারী রেশমা নাহার ১৩ হাজার ৮০০ ফুট এবং বিবি খাদিজা ১২ হাজার ৮০০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারেন।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) এই পাঁচ নারী সদস্য ভারত থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন। তাঁদের ফেরা উপলক্ষে গতকাল শনিবার বিএমটিসি আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা।
গতকাল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে চার নারীর কথা শোনার পর অতিথির বক্তব্যে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘তোমাদের দেখে আমাদের রক্তেও রুদ্রবীণা বেজে উঠছে। তোমাদের এ ধরনের কাজের মধ্য দিয়েই আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদের জবাব দিতে পারি।’
বিজ্ঞাপনী প্রতিষ্ঠান অ্যাডকমের চেয়ারপারসন গীতিআরা সাফিয়া চৌধুরী বলেন, ‘সাহস করে পাঁচটি মেয়ে এগিয়ে গেছে। একদিন পাঁচজনই এভারেস্টে উঠবে।’
এ ছাড়া বিএমটিসি ক্লাবের প্রতিষ্ঠাতা ও অভিযাত্রী ইনাম আল হক, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার ও এম এ মুহিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।