পর্বতারোহী রেশমা নাহারকে চাপা দেওয়া গাড়ির চালক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেশমা নাহার
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী ও স্কুলশিক্ষক রেশমা নাহারকে ধাক্কা দেওয়া মাইক্রোবাস চালক মো. নাইমকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মোবারক আলী আদালতকে প্রতিবেদন দিয়ে জানান, আসামি নাইমের গাড়িটি সেদিন রেশমা আক্তারকে ধাক্কা দেয়। নাইমের গাড়িটি সেদিন দুর্ঘটনাটি ঘটায়, সেই বিষয়টি বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে। গাড়িটিকে জব্দ করা হয়েছে। গাড়ির পেছনের ভেঙে যাওয়া বাম্পার উদ্ধার করা হয়েছে। যা মামলার আলামত।

কোন উদ্দেশ্যে আসামির নাইম এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়টি জানার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। উভয় পক্ষের শুনানি মেনে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আসামি নাইমের পক্ষে রিমান্ড আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। আসামি নাইম একজন ভালো চালক। দীর্ঘদিনের অভিজ্ঞতায় আসামি নাইম কোনো দুর্ঘটনা ঘটায়নি। এই ঘটনার সঙ্গে আসামি কোনোভাবেই জড়িত নন।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ইব্রাহিমপুর থেকে রেশমাকে ধাক্কা দেওয়ার অভিযোগে নাইমকে আটক করা হয়।

গত ৭ আগস্ট রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশে লেক রোডে বাইসাইকেল আরোহী রেশমা নাহারকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন।

রেশমা নাহার রাজধানীর আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁর বাড়ি নড়াইলে। ঢাকায় মিরপুরে থাকতেন। তিনি পর্বতারোহী ছিলেন এবং নিয়মিত বাইসাইকেল চালাতেন।

আসামি নাইমের বাড়ি কিশোরগঞ্জে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। মাইক্রোবাসটি ব্যক্তিমালিকানাধীন। একটি কোম্পানিকে সেটা ভাড়া দেওয়া হয়। নাইম ওই কোম্পানির হয়েই গাড়ি চালাচ্ছিলেন। রাজধানীর ইব্রাহিমপুরের ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো চ ১৫৩৬৮৫।