রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ পর্যটক দম্পতি আলাউদ্দিন পাটোয়ারী ও আইরিন সুলতানার (লিমা) খোঁজ ৫২ ঘণ্টা পরও মেলেনি।
গতকাল শুক্রবার দুপুর থেকে নৌবাহিনীসহ উদ্ধার অভিযানে সংশ্লিষ্টরা হ্রদের বিভিন্ন স্থানে তল্লাশি চালান। কুমিল্লার বরুড়া উপজেলা থেকে গত বুধবার
আলাউদ্দিন পাটোয়ারী ও আইরিন সুলতানা দম্পতি রাঙামাটিতে এসে একটি ট্রলার ভাড়া করে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন।
বেলা সাড়ে তিনটার দিকে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স এলাকার দিকে ফিরে আসার পথে ঘূর্ণি বাতাসের কবলে পড়ে ট্রলারটি উল্টে গেলে আলাউদ্দিন ও আইরিন নিখোঁজ হন। ট্রলারের চালক বিটন চাকমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও দমকলের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। টানা ৪৮ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও ট্রলার উল্টে যাওয়া স্থানে তাঁদের লাশ পাওয়া যায়নি।
নৌবাহিনীর ডুবুরিরা ধারণা করছেন, বাতাসে অথবা পানির স্রোতে নিখোঁজ ব্যক্তিদের লাশ কোনো দিকে চলে গেছে। তবে ডুবে যাওয়ার ৪৮ ঘণ্টার পর লাশ স্বাভাবিকভাবে ভেসে ওঠার কথা বলে তাঁরা জানান।