পর্যটক দম্পতির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ পর্যটক দম্পতি আলাউদ্দিন পাটোয়ারী ও আইরিন সুলতানার লাশ প্রায় ৬২ ঘণ্টার পর আলিঙ্গনরত অবস্থায় ভেসে উঠেছে। গতকাল শনিবার তাঁদের লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল ইমতিয়াজ জানান, গতকাল সকাল সাতটার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় পৌনে এক কিলোমিটার উত্তরে ডিসি বাংলো এলাকায় কাপ্তাই  হ্রদে লাশ ভাসতে দেখা যায়। এরপর পুলিশ লাশ দুটিকে পলওয়েল পর্যটন কেন্দ্র এলাকায় আনেন। সেখানে স্বজনরা লাশ দুটি আলাউদ্দিন ও আইরিনের বলে শনাক্ত করেন। এ সময় আইরিনের পরনে ফিরোজা রঙের সেলোয়ার কামিজ এবং আলাউদ্দিনের পরনে ছাই রঙের টি-শার্ট ও নেভি ব্লু জিনস প্যান্ট ছিল। তাঁরা দুজনেই পরস্পরকে আলিঙ্গন করা অবস্থায় ছিলেন। 

গত বুধবার আলাউদ্দিন ও আইরিন দম্পতি কাপ্তাই হ্রদ ভ্রমণ শেষে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঘাটের দিকে ফিরছিলেন। এ সময় বিকেল সাড়ে তিনটার দিকে ঘূর্ণি বাতাসের কবলে পড়ে তাঁদের বহনকারী ট্রলার উল্টে যায়। এরপর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। ট্রলার চালক বিটন চাকমাকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়।

স্বজনেরা জানান, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আলাউদ্দিন পাটোয়ারী ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী। মাত্র নয় মাস আগে আইরিন সুলতানাকে বিয়ে করে আবার আমেরিকায় চলে যান। কয়েক দিন আগে স্ত্রীকে নিতে দেশে আসেন। আগামী ৪ এপ্রিল তাঁদের যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সব ব্যবস্থা তৈরি ছিল। এর ফাঁকে তাঁরা গত বুধবার রাঙামাটি ঘুরতে এসে কাপ্তাই হ্রদে নিখোঁজ হয়ে যান।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সোহেল ইমতিয়াজ বলেন, লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।