কক্সবাজার সমুদ্রসৈকত এখন প্রায় ফাঁকা। শহরের তিন শতাধিক হোটেল-মোটেল-অতিথিশালা প্রায় খালি পড়ে আছে। বিরোধী জোটের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সূত্রমতে, এই পরিস্থিতিতে কক্সবাজারের পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা দৈনিক গড়ে তিন কোটি টাকা লোকসান গুনছেন।
গতকাল সকালে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায়, বিশাল সৈকত প্রায় ফাঁকা। হাতে গোনা কিছু পর্যটক সমুদ্রে গোসল করছেন। বালুচরে পর্যটকদের বসার জন্য রাখা চেয়ার-ছাতা খালি পড়ে আছে।
ছাতা ব্যবসায়ী আহসান বলেন, গত ১৭ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড় ছিল। তখন বসার জন্য ঠিকমতো চেয়ার দেওয়া সম্ভব হয়নি। আর এখন চেয়ারে বসার জন্য সারা দিনে চার-পাঁচজন পর্যটকও পাওয়া যাচ্ছে না। হরতাল-অবরোধ পর্যটন ব্যবসা শেষ করে দিচ্ছে।
এ ছাড়া উখিয়ার ইনানী সৈকত, হিমছড়ি, ডুলাহাজারা সাফারি পার্ক, রামুর বৌদ্ধপল্লি, টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপও পর্যটক শূন্য হয়ে পড়েছে।
লাবণী পয়েন্টের হোটেল কল্লোলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে পুরো হোটেল খালি পড়ে আছে। হোটেলের ১৪১টি কক্ষের মধ্যে গতকাল মঙ্গলবার অতিথি ছিলেন ১২ জন। এতে দৈনিক ৭০ হাজার টাকা করে লোকসান হচ্ছে।
শহরের ঝাউতলার সাগরগাঁও হোটেলের মালিক শাহেদুল ইসলাম বলেন, গতকাল এই হোটেলের ৭২টি কক্ষের মধ্যে কোনোটি ভাড়া হয়নি।
কক্সবাজার হোটেল-মোটেল-গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে পাঁচ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করে। এখন পুরো শহরে মাত্র হাজার খানেক পর্যটক আছে। এতে তিন শতাধিক হোটেল প্রায় অতিথিশূন্য। প্রতিটি হোটেল দৈনিক ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত লোকসান গুনছে। এ হিসাবে প্রতিদিন আবাসিক খাতে দেড় কোটি, রেস্তোরাঁর এক কোটি এবং পর্যটনসংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান ৫০ লাখ টাকা করে লোকসান দিচ্ছে।
পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদুল কবীর বলেন, বিপুলসংখ্যক পর্যটক আসায় টুরিস্ট পুলিশকে গত কয়েক দিন হিমশিম খেতে হয়েছে। এখন পর্যটক নেই বলে অলস সময় কাটাতে হচ্ছে।