পর্যটক সুবিধায় আনা ৮৫ গাড়ি নিলামে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যটক-সুবিধায় আনা ৮৫টি বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে। এসব গাড়ির মধ্যে বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, লেক্সাস, ল্যান্ড রোভার, জাগুয়ার, ফোর্ড, মিতসুবিশি শোগান, মিতসুবিশি পাজেরো ব্র্যান্ডের গাড়ি রয়েছে। এসব গাড়ির শুল্ককরসহ আনুমানিক মূল্য ২০০ কোটি টাকার বেশি। পর্যটক-সুবিধায় আনা একসঙ্গে এত বিলাসবহুল গাড়ির নিলামে তোলার ঘটনা এটিই প্রথম।

কাস্টমস কর্মকর্তারা জানান, বন্দর থেকে দীর্ঘদিনেও খালাস না হওয়া ৮৫টি গাড়ি নিলামে তোলা হয়েছে। এসব গাড়ি ২০১১ থেকে ২০১৩ সালে বন্দর দিয়ে আনা হয়েছিল। এর মধ্যে বিএমডব্লিউ ব্র্যান্ডের ২১টি, মার্সিডিজ বেঞ্জ ১৮টি, লেক্সাস গাড়ি রয়েছে আটটি।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মোহাম্মদ আরিফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘কারনেট দ্য প্যাসেজ’-এর আওতায় বিভিন্ন সময়ে এসব গাড়ি আনা হয়েছিল। এর মধ্যে আটক, বাজেয়াপ্ত ও খালাস না হওয়া গাড়িই নিলামে তোলা হয়েছে। নিলামে যাতে বেশি দর পড়ে এবং বেশিসংখ্যক দরদাতা আগ্রহী হন, সে জন্য এবার বড় পরিসরে এসব গাড়ি একসঙ্গে নিলামে তোলা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, ৩০ থেকে ৩১ আগস্টে ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি স্থানে দরপত্র জমা নেওয়া হবে। এই পাঁচটি স্থান হলো চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন), জেলা প্রশাসক চট্টগ্রাম, চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর ফটকের নিরাপত্তা কার্যালয়, ঢাকা দক্ষিণের শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটে যুগ্ম কমিশনারের দপ্তর, ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনারের (নিলাম) কার্যালয়ে দরপত্র জমা নেওয়া হবে। গাড়ির বিবরণ-সংবলিত ক্যাটালগ বিক্রি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে। ক্যাটালগ পাওয়া যাবে ৩০ আগস্ট পর্যন্ত। বন্দরের ৪ নম্বর ফটকের পাশে নিলামকেন্দ্রে ক্যাটালগ পাওয়া যাবে।

কাস্টমস কর্মকর্তারা জানান, নিলামে যেসব গাড়ি তোলা হয়েছে সেগুলোর বেশির ভাগই এনেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকেরা। তাঁরা উদাহরণ দিয়ে বলেন, ২০১১ সালের ৪ মার্চ এমভি এক্সপ্রেস দাউলাগিরি জাহাজের কনটেইনারে করে একটি ল্যান্ড রোভার গাড়ি আনা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক আলমগীর হোসাইন ‘কারনেট দ্য প্যাসেজ’-এর আওতায় এই গাড়ি আনেন। তবে শেষ পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে গাড়িটি খালাস করেননি তিনি। ২০১৩ সালে মূল্য পর্যালোচনা করে দেখা যায়, শুল্ককরসহ এই গাড়ির দাম ৫ কোটি ৪৮ লাখ টাকা। নিলামের ৪১ নম্বরে আছে এই গাড়িটি।

একসঙ্গে এত গাড়ি নিলামে তোলার বিষয়ে গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, দেরিতে হলেও কাস্টমস কর্তৃপক্ষ ভালো উদ্যোগ নিয়েছে। পর্যটক-সুবিধায় ২০১৩ সালের আগে আনা এসব গাড়ি শুল্ককর ছাড়াই খালাস করে বাজারে বিক্রি করে দিতেন কেউ কেউ। এর ফলে যাঁরা রাজস্ব দিয়ে গাড়ি আমদানি করেন, তাঁরা বৈষম্যের শিকার হচ্ছিলেন।

জাতিসংঘের দুটি আন্তর্জাতিক সনদের (কনভেনশন) অধীনে পৃথিবীর বিভিন্ন দেশ ‘কারনেট দ্য প্যাসেজ’ নামে পর্যটকদের শুল্কমুক্ত গাড়ি আনার সুবিধা দেয়। এই সুবিধার আওতায় গাড়ি এনে নির্ধারিত সময়ে ফেরত নেওয়া বাধ্যতামূলক। কিন্তু বাংলাদেশে এই সুবিধা ব্যবহার করে গাড়ি আমদানির সংখ্যা বেড়ে যায়। এরপর ২০১৩ সালে পর্যটক-সুবিধায় আনা গাড়ি খালাসের জন্য শুল্ককরের সমপরিমাণ টাকা ব্যাংক গ্যারান্টি দিয়ে খালাস নেওয়ার আদেশ জারি করা হয়। কড়াকড়ি আরোপের পর অনেকে বন্দর থেকেই শেষ পর্যন্ত আর গাড়ি খালাস করেননি। বিভিন্ন সময়ে নিলামে তোলা হলেও বিক্রি হয়নি।