পর্যটকদের অতিরিক্ত টাকা নিয়ে বান্দরবান আসাকে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে গতকাল সকাল ১০টার দিকে এ সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের প্রতিনিধি মেজর মেহেদি হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।
প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং ক্ষোভ প্রকাশ করে বলেন, পর্যটকেরা কে কত টাকা নিয়ে আসবেন, না নিয়ে আসবেন, সেটা নিয়ে উৎসাহিত-নিরুৎসাহিত করার কোনো যৌক্তিকতা নেই। অবৈধ উপায়ে কেউ টাকা ব্যয় করলে শুধু পর্যটক নয়, যেকোনো ব্যক্তিকে দেখার দায়িত্ব সরকারি সংস্থাগুলোর রয়েছে।
জেলা প্রশাসক দিলীপ কুমার রায় বলেন, কিছু পর্যটক মাত্রাতিরিক্ত টাকা নিয়ে এসে কোথায় ব্যয় করছেন, তার স্বচ্ছতার ব্যাপারে কয়েকটি সংস্থা থেকে বলা হয়েছিল। এ জন্য অতিরিক্ত টাকা নিয়ে বান্দরবান আসার ব্যাপারে নিরুৎসাহিত করতে আগের আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত হয়েছিল। এবারের সভায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। যেকোনো পর্যটক টাকা নিয়ে এসে সংগত উপায়ে খরচ করতে পারবেন। এ ছাড়া পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা পর্যটক হয়রানি বন্ধে উদ্যোগ নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।