পর্যটকদের অভ্যর্থনা জানাতে ভাস্কর্য
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উদ্যোগে পর্যটকদের অভ্যর্থনা জানাতে দুটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভাস্কর্য দুটি উদ্বোধন করা হয়েছে। এর একটি মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কুলাউড়া পৌরসভার চাতলগাঁওয়ে এবং অপরটি কুলাউড়া-বড়লেখা সড়কের উত্তর কুলাউড়ার মাহতাব ছায়েরা উচ্চবিদ্যালয় এলাকায় স্থাপন করা হয়েছে। কুলাউড়া পৌরসভার মেয়র কামাল আহমদের সভাপতিত্বে এবং পৌর কাউন্সিলর ইকবাল আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী। প্রধান অতিথি ভাস্কর্য দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবেদ রাজা, জাসদের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ কামাল উদ্দিন, জাতীয় পার্টির সভাপতি লুৎফুল হক প্রমুখ। চাতলগাঁও এলাকার ভাস্কর্যটি প্রকৃতিকন্যার হাতের ফুল দিয়ে পর্যটকদের স্বাগত এবং উত্তর কুলাউড়া এলাকার ভাস্কর্যটি ধন্যবাদ জানাবে। ভাস্কর্য দুটি নির্মাণে আর্থিক সহযোগিতা করেছে ইস্ট কোস্ট গ্রুপ। এতে ব্যয় হয়েছে ১০ লাখ টাকা। ভাস্কর্য দুটি নির্মাণ করেছেন শিল্পী পলাশ সাহা ও শ্যামল দত্ত।