পর্যটকদের ঘাড়ে বাড়তি দামের বোঝা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। সাগরের অপরূপ সৌন্দর্য উপভোগের জন্য প্রতিবছর কয়েক লাখ পর্যটক এখানে আসে। পর্যটকদের জন্য গড়ে উঠেছে সহস্রাধিক হোটেল-রেস্তোরাঁ। রয়েছে আরও ৩০ হাজার সাধারণ গ্রাহক। তাই দেশের অন্য শহরের তুলনায় এখানে গ্যাস সিলিন্ডারের চাহিদা কয়েক গুণ বেশি। চাহিদা বেশি থাকায় কক্সবাজার শহরে গ্যাস সিলিন্ডারের সংকট প্রকট। সংকট থাকায় এখানে গ্যাস সিলিন্ডারের দাম ওঠানামা করে। পর্যটকদের চাপ বাড়লে সিলিন্ডারের দাম বেড়ে যায়। আবার চাপ কমলে দাম কমে যায়। তবে দাম বাড়ার প্রভাব সরাসরি পর্যটক ও সাধারণ গ্রাহকদের ওপর পড়ে। শহরের ‘চিশতী’ নামের একটি গ্যাস সিলিন্ডার বিক্রির পাইকারি দোকানে গত সোমবার ১২ কেজি ওজনের ৬৮০ টাকার সরকারি এলপি গ্যাসের সিলিন্ডার এক হাজার ২০০ টাকায় এবং বেসরকারি প্রতিষ্ঠান টোটাল গ্যাস এক হাজার ৬৮০, বসুন্ধরা ও ক্লিনহিট এক হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। শহরের অন্য খুচরা বিক্রেতারা এই সিলিন্ডার ৬০ থেকে ১০০ টাকা বেশি দামে বিক্রি করছেন। গ্রাহকেরা অভিযোগ করেন, শহরে যখন অধিক পর্যটকের সমাগম ঘটে তখন সিলিন্ডারের নাগাল পাওয়া যায় না। ওই সময় কিনতে হয় সর্বোচ্চ দুই হাজার ১০০ টাকায়। তিন শতাধিক হোটেল, আট শতাধিক রেস্তোরাঁ এবং ৩০ হাজারের বেশি আবাসিক গ্রাহকের এই শহরে প্রতি মাসে সিলিন্ডারের চাহিদা প্রায় ৪০ হাজার। কিন্তু বরাদ্দ হয় সর্বোচ্চ তিন হাজার। অবশিষ্ট সিলিন্ডার চট্টগ্রামের কালোবাজার থেকে কিনে এনে এখানকার চাহিদা পূরণ করা হচ্ছে। কয়েকজন বলেন, কক্সবাজারের কুতুবদিয়ায় উৎপাদিত গ্যাস দিয়ে কুমিল্লা, ফেনী, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আর কক্সবাজারের মানুষকে ওসব এলাকা থেকে চড়া মূল্যে গ্যাস এনে ব্যবহার করতে হচ্ছে। ‘চিশতী’র মালিক ও কক্সবাজার এলপি গ্যাস ডিলার সমিতির সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী জানান, ‘৬৮০ টাকার সরকারি এলপি গ্যাস চট্টগ্রামে ডিলার থেকে কিনতে হয় ৪০০ টাকা বেশি দিয়ে এক হাজার ৮০ টাকায়। চট্টগ্রাম থেকে ট্রাকে করে ওই সিলিন্ডার কক্সবাজার আনতে প্রতি সিলিন্ডারে খরচ যায় আরও ৮০ টাকা। এরপর ৪০ টাকা লাভে এক হাজার ২০০ টাকায় ওই সিলিন্ডার বিক্রি করছি।’ শহরের টেকপাড়ার গৃহবধূ আলমাস বেগম জানান, তিন বছর আগে তিনি সর্বনিম্ন এক হাজার ১৫০ টাকায় গ্যাসের সিলিন্ডার কিনেছিলেন। গত জানুয়ারি মাসে কিনেছেন এক হাজার ৭৬০ টাকায়। গত শুক্রবার কেনেন এক হাজার ২৯০ টাকায়। সম্ভবত এটি দেশের একমাত্র শহর, যেখানে ইচ্ছামতো দামে গ্যাসের সিলিন্ডার বিক্রি হয়। চাহিদামতো সিলিন্ডার বরাদ্দ না থাকায় গ্রাহকদের মধ্যে হাহাকার অবস্থা যাচ্ছে। কক্সবাজার হোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি ওমর সোলতান জানান, পর্যটনের এই শহরের তারকামানের ১২টিসহ তিন শতাধিক হোটেল আছে। ৮০ শতাংশ হোটেলে নিজস্ব ব্যবস্থাপনায় রান্নাবান্নার ব্যবস্থা আছে। প্রতিদিন এসব হোটেলে রান্নাবান্নার জন্য তিন থেকে ২০টি করে গ্যাসের সিলিন্ডার দরকার। এ হিসাবে দৈনিক গড়ে ১০টি ধরা হলে ৩০০ হোটেলে লাগে তিন হাজার সিলিন্ডার। কিন্তু চাহিদার ১০ শতাংশও সিলিন্ডার শহরে পাওয়া যায় না। তারকামানের হোটেল সি প্যালেসের উপব্যবস্থাপক (খাদ্য) শাহ আমানত জানান, প্রতি বছর এই হোটেলের রেস্টুরেন্টে রান্নাবান্নার জন্য প্রায় ৩০ হাজার কেজি গ্যাস ব্যবহার করা হয়। গ্যাসের জন্য তাঁদের খরচ হয় ৩০ লাখ টাকা। গ্যাসের জন্য খাবারে ২০ শতাংশ অতিরিক্ত খরচ যোগ হয় । এই খরচ পর্যটকের খাবারের দামের সঙ্গে যোগ করা হয়। কক্সবাজারে গ্যাসের লাইন সম্প্রসারণ হলে এই সমস্যা থাকত না। খাবারের দামও কমে যেত। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কে এম আলমগীর জানান, পর্যটন এলাকা হিসেবে কক্সবাজারে গ্যাসের সিলিন্ডারের কোটা বৃদ্ধি জরুরি। ঢাকা ও চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তর ডিলারদের সিলিন্ডার বিক্রির লাইসেন্স দেয়। জেলা প্রশাসন শুধু গ্যাসের কোটা ও বাজার মনিটরিং করে।