পর্যটকদের জন্য তিনটি 'হেল্প ডেস্ক' হচ্ছে
কক্সবাজার সমুদ্রসৈকত ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তাসহ তথ্যসেবা নিশ্চিত করতে তিনটি ‘হেল্প ডেস্ক’ চালু করা হচ্ছে।
গতকাল শনিবার জেলা পুলিশ লাইন ট্রেনিং সেন্টারে আয়োজিত ‘কক্সবাজারে পর্যটন ও পার্টনারশিপ পুলিশিং’ শীর্ষক কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার এই তথ্য জানান।
ইউএনডিপি ও পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) অর্থ সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে দেশে প্রথম তিনটি হেল্প ডেস্ক কক্সবাজারে চালু করা হচ্ছে। জেলা কমিউনিটি পুলিশ ও টুরিস্ট পুলিশ যৌথভাবে আগামী অক্টোবর মাসে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।
সূত্র জানায়, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি, সমুদ্রসৈকতের কলাতলী ও লাবণী পয়েন্টে অপর দুটি ডেস্ক চালু করা হবে। সভায় হেল্প ডেস্কের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. বাবুল আকতার। এরপর মুক্ত আলোচনায় অংশ নেন সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি রণজিৎ দাশ, সাংবাদিক আবদুল কুদ্দুস, আবু তাহের প্রমুখ। সভায় সমুদ্রসৈকতে পর্যটকের নিরাপদ গোসলের ব্যবস্থা নিশ্চিত, সন্ধ্যার পর সৈকতকে আলোকিত রাখা, প্রধান সড়ক যানজটমুক্ত রাখা, টুরিস্ট পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধির সুপারিশসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, প্রতিবছর দেশি-বিদেশি ১০-১২ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন। কিন্তু পর্যটকদের নিরাপত্তাসহ নানা তথ্যের জন্য এখানে কোনো হেল্প ডেস্ক নেই। এ কারণে অতিরিক্ত হোটেলভাড়াসহ নানা ঝামেলায় পড়তে হয় পর্যটকদের। এসব দুর্ভোগ লাঘবের জন্য হেল্প ডেস্ক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।