পর্যটকদের জন্য প্রস্তুত কুয়াকাটা, তবে বুকিং কম

ঈদ উপলক্ষে পর্যটক-দর্শনার্থীদের জন্য প্রস্তুত হয়ে আছে পর্যটনকেন্দ্র কুয়াকাটা। পর্যটকেরা বেশি এলে বিক্রিও ভালো হবে, সে আশায় পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিরা অপেক্ষার প্রহর গুনছেন। তবে এবারের ঈদে কুয়াকাটার হোটেল-মোটেলগুলোতে সেভাবে অগ্রিম বুকিং না হওয়ায় হোটেল ব্যবসায়ীসহ পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা সবকিছু মিলিয়ে হতাশ হয়ে পড়েছেন। এরপরও এসব ব্যবসায়ী হাল ছাড়েননি। আগামী দু-এক দিনের মধ্যে হোটেল-মোটেলে বুকিং বাড়তে পারে অথবা ঈদের দিন বা এর পরের দিন ভ্রাম্যমাণ পর্যটকের সংখ্যা বাড়তে পারে, সে আশায় বুক বেঁধে আছেন সবাই।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান বলছিলেন, ‘কুয়াকাটায় ছোট-বড় মিলিয়ে ৭০টির মতো আবাসিক হোটেল-মোটেল রয়েছে। পুরো রমজান মাসেই হোটেল ব্যবসায় মন্দা পরিস্থিতি বিরাজ করেছে।’
শফিকুর রহমান বলেন, এবারের ঈদ সামনে রেখে পর্যটকদের সেবা দেওয়ার জন্য প্রতিটি হোটেলই প্রস্তুতি নিয়ে রেখেছে। হতাশার কথা হলো, এতগুলো হোটেলের মধ্যে মাত্র ১৫ শতাংশ বুকিং হয়েছে। তাঁর নিজের আবাসিক হোটেলটিতে এখন পর্যন্ত একটি কক্ষও বুকিং হয়নি বলে জানালেন। এবার পর্যটক কেন কম হবে, সে আশঙ্কার কারণ চিহ্নিত করে তিনি আরও বলেন, গত বছর আবহাওয়া ভালো ছিল। সে সময় ছুটিও বেশি ছিল। এবার মাত্র দুদিন বন্ধ। আগামী সোমবার থেকে আবার সরকারি-বেসরকারি অফিস খুলবে। এ ছাড়া এবার প্রবল বর্ষণ, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণেও কুয়াকাটায় দর্শনার্থী-পর্যটক কম হবে।

কুয়াকাটার হোটেল গ্রেভার ইন, হোটেল কুয়াকাটা ইন ইন্টারন্যাশনাল, হোটেল গ্রান্ড সাফা ইন্টারন্যাশনাল, হোটেল স্যান্ড বিচ, হোটেল সি কুইন, হোটেল নীলাঞ্জনা, হোটেল মোহনা, হোটেল বিচ হ্যাভেনসহ বাকি হোটেলগুলোতেও অগ্রিম বুকিং তুলনামূলক কম হয়েছে বলে জানা গেছে।
সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলার মহাব্যবস্থাপক জয়নাল আবেদীন চোকদার প্রথম আলোর কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘কুয়াকাটায় পর্যটক আসবে কীভাবে? নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। এখানকার অভ্যন্তরীণ কোনো সড়ক নেই। সবই প্রায় কাঁদামাটির রাস্তা। তা ছাড়া পর্যটকেরা যে ঘুরে বেড়াবেন, সে রকম বিনোদনের ব্যবস্থা নেই।
হোটেলে বুকিং কম থাকলেও স্থানীয় উপজেলা প্রশাসন কিন্তু পর্যটকদের নিরাপত্তায় নানা ব্যবস্থা নিয়েছে। ঈদ সামনে রেখে জিরো পয়েন্ট, বন বিভাগের জাতীয় উদ্যান, লেম্বুর চর, শুঁটকিপল্লি, মিস্ত্রিপাড়া বৌদ্ধমন্দির, রাখাইন মহিলা মার্কেটসহ আকর্ষণীয় সব পয়েন্টের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কুয়াকাটা পর্যটন পুলিশ, নৌ পুলিশ এবং মহিপুর থানার পুলিশ এ জন্য কাজ করছে। বিশেষ দিনগুলোতে দর্শনার্থীদের আগমনের কারণে খাবার হোটেল, চায়ের দোকান, শামুক-ঝিনুকের দোকানগুলোতে পর্যটক-দর্শনার্থীদের কাছ থেকে যাতে অতিরিক্ত মূল্য নিতে না পারে, সে ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর রহমান আগে থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে দিয়েছেন।

কুয়াকাটা পর্যটন পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. খলিলুর রহমান বলেন, ‘পর্যটকদের আগমনের কারণে কুয়াকাটা সৈকতসহ পার্শ্ববর্তী স্পটগুলোতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি। সৈকতে গোসল করতে নেমে কেউ যাতে বিপদে না পড়েন, সে জন্য ওয়াটার বাইকসহ পুলিশি টহল জোরদার করা হয়েছে।’
কুয়াকাটায় এসে ঘুরতে পারেন যেসব জায়গায়
কুয়াকাটার অভিজাত হোটেল সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাতে পর্যটকেরা শুধু বোর্ডার হিসেবে থাকার জন্য নয়, ঘুরে বেড়িয়েও বিনোদন পাবেন নিঃসন্দেহে। প্রায় ১৫ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে রিসোর্টটি। এর অভ্যন্তরের মেঠোপথ, বাগান, বৃক্ষরাজির সমারোহে যে কারও মন জুড়িয়ে যাবে। তা ছাড়া রিসোর্টের ভেতরের বিশাল লেকে নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। টাওয়ার ভবনের উত্তর পাশের লনে বসে বিকেল থেকে রাত পর্যন্ত আড্ডা দিতে পারবেন। তা ছাড়া ঢাকা থেকে ইচ্ছে করলে যে কেউ হেলিকপ্টারে চড়েও এখানে অবতরণ করতে পারবেন। এ জন্য হেলিপ্যাড রয়েছে। নির্ধারিত ভাড়া দিয়ে রিসোর্টের নিজস্ব হেলিকপ্টার চার্টার করতে পারবেন।

সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলার সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. শাহীন মিয়া জানান, তাঁদের রিসোর্টে ১২টি ভিলা, আর টাওয়ার ভবনে ৬৮টি কক্ষ রয়েছে। ভিলার ভাড়া ৩০, ৩৫, ৪০ হাজার টাকা পর্যন্ত রয়েছে। এতে সুইমিং পুল, নিজেদের রান্না করে খাওয়ার ব্যবস্থা, সুপ্রশস্ত ডাইনিং, সুসজ্জিত ড্রেসিং রুম, বাথটবসহ আধুনিক টয়লেট, লিভিং রুম রয়েছে। এ ছাড়া টাওয়ার ভবনের কক্ষগুলোর মধ্যে ডিলাক্স কক্ষ ১০ হাজার ১২০ টাকা, সুপিরিয়র কক্ষ ১৫ হাজার ১৮০ টাকা এবং প্রিমিয়াম কক্ষের ভাড়া ১৭ হাজার ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঈদের সময় ভিলাসহ প্রতিটি আবাসিক কক্ষ ভাড়ায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। তবে কক্ষ ভাড়ায় ছাড় দেওয়ার পরেও সেভাবে বুকিং না হওয়ায় হতাশ এ কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত ২২-২৩টি কক্ষ ভাড়া হয়েছে। গত বছর এ সময় অর্ধেকের বেশি রুম বুকিং হয়ে গিয়েছিল। হয়তো এর মধ্যে আরও কিছু কক্ষ ভাড়া হতে পারে আমরা সে আশা করছি।’
কুয়াকাটা গ্রান্ড হোটেল অ্যান্ড সি রিসোর্ট হচ্ছে কুয়াকাটার আরেকটি অভিজাত হোটেল। কুয়াকাটার জিরোপয়েন্ট থেকে অল্প পূর্ব দিকে বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে সাত একর জমির ওপরে এ রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। এখানকার বাহ্যিক পরিবেশও চমৎকার। সামনে রয়েছে বিশাল বাগান। পায়ে হাঁটার পথ। বাগানে বসার বেঞ্চি। এর প্রত্যকটি কক্ষও সাজানো রয়েছে পরিপাটি করে। এ রিসোর্টের ফ্রন্ট ডেস্ক ইনচার্জ শাহ আল মাহমুদ বলেন, তাঁদের হোটেলে ছয় ধরনের ২৬টি রুম রয়েছে। এর মধ্যে এক্সিকিউটিভ স্যুইটের ভাড়া ৩১ হাজার ৬২৫ টাকা, ফ্যামিলি স্যুইটের ভাড়া ২৪ হাজার ৫০ টাকা, সুপিরিয়র টুইন ডিলাক্স কক্ষের ভাড়া ১৮ হাজার ৩৪২ টাকা, প্রিমিয়াম ডিলাক্স কক্ষের ভাড়া ১৫ হাজার ৮১২ টাকা, ডিলাক্স কক্ষের ভাড়া ১২ হাজার ১৮ টাকা এবং স্ট্যান্ডার্ড ডিলাক্স কক্ষের ভাড়া ৯ হাজার ৪৮৮ টাকা। কেউ যদি দুই রাত তিন দিনের জন্য স্ট্যান্ডার্ড ডিলাক্স কক্ষ ভাড়া নেন, সে ক্ষেত্রে বিশেষ প্যাকেজ দেওয়া হবে। এ জন্য ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সঙ্গে পাবেন দুজনের জন্য সকালের নাশতাসহ লাঞ্চ অথবা ডিনার। অভিজাত এ হোটেলটির ১৩টি কক্ষ ইতিমধ্যে বুকিং হয়ে গেছে।

ঈদের ছুটিতে কুয়াকাটায় এসে বেড়ানোর জন্য যেতে পারেন ‘ইলিশ পার্কে’। কুয়াকাটা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এর অবস্থান। পার্কটিতে প্রবেশ করলে ইলিশের বিশাল প্রতিকৃতি চোখে পড়বে। এটিই পার্কটির মূল বৈশিষ্ট্য। দূর থেকে দেখতে ইলিশের প্রতিকৃতি মনে হলেও মূলত এর মধ্যে রয়েছে রেস্তোরাঁ। এখানে একসঙ্গে ৫০ জন মানুষ বসে খেতে পারবেন। তা ছাড়া পার্কে বসে আড্ডা দেওয়ার জন্য গোলঘর, রাত্রি যাপনের জন্য সাতটি কক্ষ রয়েছে। পার্কের ডরমিটরিতে একসঙ্গে ২০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। এর ভাড়া মাত্র পাঁচ হাজার টাকা। এ ছাড়া কাপল বেড দুই হাজার এবং ডাবল বেডের ভাড়া আড়াই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পার্কটির ব্যবস্থাপনা পরিচালক রুম্মান ইমতিয়াজ জানান, ‘আমরা অতিথিদের সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করি। তাঁদের রুচিসম্মত খাবার, প্রয়োজনে সংগীতানুষ্ঠানের আয়োজন করে বিনোদনের ব্যবস্থা করে থাকি।
বিশেষ দিনে কুয়াকাটায় এসে লেম্বুর চর, স্বপ্নরাজ্য ইকো ট্যুরিজম, মিস্ত্রিপাড়া বৌদ্ধমন্দির, গঙ্গামিত সংরক্ষিত বন, ফাতরার চর বেড়াতে পারবেন। এসব জায়গায় যাতায়াতে মোটরসাইকেল, রিকশা-ভ্যান, ট্রলার, স্পিডবোটের ব্যবস্থা রয়েছে। জিরো পয়েন্টের কুয়াকাটা ট্যুরিস্ট সেন্টার এসব ক্ষেত্রে গাইড হিসেবে সহায়তা দিয়ে থাকে।