পর্যটকদের জন্য রাস্তা করছে গ্রামবাসী
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলা-বন দেখতে প্রতিদিন শত শত পর্যটকের আগমন ঘটে। সেখানে যাওয়ার একটি রাস্তা খারাপ হওয়ায় পর্যটকদের বেকায়দায় পড়তে হচ্ছে। পর্যটকদের দুর্ভোগের কথা ভেবে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণের কাজ শুরু করে দিয়েছে।দুই কিলোমিটার দীর্ঘ রাস্তাটি নির্মাণে স্বেচ্ছাশ্রম দেওয়া শুরু করেছে উপজেলার রাতারগুল ও রামনগর গ্রামের ৫০০ লোক। গত শুক্রবার সকাল আটটায় এই নির্মাণকাজের উদ্বোধন করেন ফতেহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবরুল হোসেন। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ওই দিন সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, উৎসবের আমেজে চলছে রাস্তায় মাটি ভরাটের কাজ। এই স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছে ১০ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধও। দুই কিলোমিটার রাস্তাতেই শুক্রবার প্রথম পর্যায়ের মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে রাস্তায় দ্বিতীয় দফা মাটি ভরাটের কাজ চলে।স্বেচ্ছাশ্রমে নিয়োজিত আবদুল আলীম বলেন, ‘রাস্তা বানাইবার কাম আমরা খুব আনন্দের সাথে করিয়ার। গাউর হকল এক অইয়া একটা ভালা কাম কররাম। ভালাউ লাগের।’ স্থানীয় রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা বেগম বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত পর্যটক রাতারগুল বন এলাকায় যায়। রাস্তা খারাপ হওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হয়। তাই গ্রামবাসী মিলে রাস্তাটি তৈরি করছে। এটা একটা মহৎ উদ্যোগ। ইউপি চেয়ারম্যান বাবরুল হোসেন বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আমরা মাটির রাস্তা করলাম। সরকারের সহযোগিতা পেলে রাস্তা পাকাকরণের কাজে হাত দেব।’গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রথম আলোকে বলেন, ‘স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের কথা শুনেছি। রাস্তাটি দেখতে যাব। গ্রামবাসীর এই মহৎ কাজে আমার সহযোগিতা থাকবে।’