পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে পর্যটকের ঢল নেমেছে। স্থানীয় মানুষের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরা পরিবার-পরিজন নিয়ে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করছেন। ঘুরে বেড়িয়েছেন সুন্দরবনের নদীতে। গত সোমবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পর্যটকের ঢল নেমেছিল সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকায়।সরেজমিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের দিন বিকেল থেকে সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকায় পর্যটকদের ভিড় লক্ষ করা যায়। বুড়িগোয়ালিনী স্টেশন, মুন্সিগঞ্জ টহল ফাঁড়ি, কলাগাছিয়া, পশুরতলা ও দোবেকি এলাকায় পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্ত্রী সালমা খাতুনকে সঙ্গে নিয়ে নড়াইল থেকে বেড়াতে এসেছেন আবদুর রহমান। তিনি বলেন, ‘সুন্দরবনের ভেতরের নদীতে নৌকায় ঘুরে বেড়াতে আর গাছপালা দেখে হারিয়ে যেতে ইচ্ছে হয়। সত্যিই অপূর্ব নৈসর্গিক দৃশ্য!’ ঢাকার মিরপুর থেকে এসেছেন আবদুল ওহাব। তাঁরা একসঙ্গে ৩৫ জন এসেছেন। ‘ভাবিনি সুন্দরবন এত সুন্দর! শীতের শুরু বলে এখন তা আরও সুন্দর হয়ে উঠেছে। মনে হয়, এ এক অন্য জগৎ।’ বলছিলেন ওহাব। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় আইলার পর সুন্দরবনের স্টেশন ও ফাঁড়িগুলো এখনো সংস্কার করা যায়নি। কলাগাছি স্পটেই পর্যটকের ভিড় সবচেয়ে বেশি। পর্যটকদের আকৃষ্ট করার মতো এখানে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্যও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।