পর্যটকদের নিরাপত্তা বাড়ানোর তাগিদ
পর্যটন খাতের বিকাশে পর্যটকদের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া ও এই খাতে অবকাঠামোগত সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমের প্রধানেরা। পাশাপাশি দেশের মানুষকে পর্যটনের প্রতি আকৃষ্ট করার ওপর তাঁরা গুরুত্ব দিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর পর্যটন মোটেল অবকাশে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আয়োজিত এক চা চক্রে এসব কথা বলেন তাঁরা। আগামী ২৭ ও ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলকে কেন্দ্র করে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সম্মেলন হবে। বাংলাদেশ পর্যটন বোর্ডের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিখ্যাত বৌদ্ধ ভ্রমণ-সার্কিটগুলোর সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্ত করার লক্ষ্যে করণীয় নির্ধারণের বিষয়টি সম্মেলনের প্রধান উদ্দেশ্য। ইউএনডব্লিউটিওর মহাসচিব তালেব রাফাইসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৫টি দেশের পর্যটন বিষয়ক মন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সম্মেলনে অংশ নেবেন বলে বাংলাদেশের প্রত্যাশা।
রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশ পর্যটনের জন্য আকর্ষণীয় ও নিরাপদ স্থান, এটা প্রমাণ ও প্রতিষ্ঠিত করতে চাই।’ তিনি বলেন, আন্তর্জাতিক সম্মেলনটির পাশাপাশি আগামী ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। এর পরবর্তী দুই বছরও পর্যটন হিসেবে থাকবে। এই সময়ে বাংলাদেশের পর্যটন খাতকে দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
মন্ত্রণালয়ের সচিব খুরশেদ আলম চৌধুরী বলেন, সম্মেলন উপলক্ষে আগত অতিথিদের বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। এ খাতকে আরও জনপ্রিয় করতে মন্ত্রণালয়ের উদ্যোগের পাশাপাশি সংবাদমাধ্যম ও বেসরকারি খাতের সহায়তা প্রত্যাশা করেন তিনি।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ার পর্যটন খাতের বিকাশে দ্রুত অবকাঠামো তৈরির ওপর গুরুত্ব দেন। স্কুলের শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় দেশের বিভিন্ন পর্যটন এলাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া যায় কিনা সে বিষয়ে ভাবার পরামর্শ দেন তিনি।
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম অবকাঠামোগত উন্নয়ন, পর্যটন সুবিধা বাড়ানোর পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার ওপর গুরুত্ব দেন। নিজেদের সক্ষমতার কথা মাথায় রেখে পর্যটন বিষয়ে পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন তিনি।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম পর্যটক আকর্ষণ করতে আস্থা তৈরির ওপর গুরুত্ব দেন। নিরাপত্তা, অবকাঠামো, বিনোদন সুবিধাসহ বিভিন্ন দিকে নজর না দিলে পর্যটকের তেমনভাবে উৎসাহিত হবেন না বলে মনে করেন তিনি।
চা-চক্রে আরও বক্তব্য দেন, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খান, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ যোবায়ের, প্রমুখ।