পর্যটকদের পদচারণে মুখর কক্সবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা পর্যটকদের পদচারণে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত। গতকাল বুধবার বিকেলে সমুদ্রসৈকতের বিশাল লাবণী পয়েন্ট কানায় কানায় ভরে যায়। মঙ্গলবার সকাল থেকে সৈকতে পর্যটকদের সমাগম ঘটছে। ২৯ আগস্ট পর্যন্ত (নয় দিনে) কক্সবাজারে অন্তত ১০ লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন হোটেলের মালিকেরা।গতকাল সমুদ্রসৈকতে গিয়ে দেখা যায়, কেউ সমুদ্রের পানিতে গোসল করছেন। কেউ কেউ বালুচরে দৌড়ঝাঁপ দিচ্ছেন। অনেকে স্পিডবোটে চড়ে ঘুরে আসছেন গভীর সমুদ্র। এদিকে গত মঙ্গলবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে ব্যান্ড সংগীতানুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক রেস্টুরেন্ট কেএফসি। হাজার হাজার পর্যটক এ অনুষ্ঠান উপভোগ করে। কেএফসির কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. নাসির আহমদ বলেন, দেশি-বিদেশি পর্যটকদের আধুনিক ও উন্নতমানের খাবার পরিবেশনের পাশাপাশি বিনোদনসেবা দিতে এ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত পর্যটকদের বিনা মূল্যে কোমল পানীয় পেপসি সরবরাহ করা হয়। ঢাকার মুগদাপাড়া থেকে ভ্রমণে আসা পর্যটক শাকিল আহমদ (৩৪) বলেন, ‘সোমবার রাতে স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে কক্সবাজার রওনা হয়েছিলাম। মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় কক্সবাজার পৌঁছে সমুদ্রে নেমে পড়লাম। আজও (গতকাল) সমুদ্রে নেমে লোনা জলে শরীর ভিজিয়ে নিলাম।’ কমলাপুর থেকে ভ্রমণে আসা কলেজছাত্রী ইসমত জাহান বলেন, টানা তিন দিন মা-বাবার সঙ্গে সৈকতে ঘুরে বেড়াব। কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ‘সোমবার থেকে কক্সবাজারে পর্যটকের ঢল নামছে। ২৯ আগস্ট পর্যন্ত টানা নয় দিন এই সমাগম চলবে। ইতিমধ্যে সৈকত ও শহরের বিভিন্ন স্থানে অবস্থিত চার শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউসের সব কক্ষ ভাড়া হয়ে গেছে।’ তিনি জানান, প্রতিদিন এসব হোটেলে ৮০ হাজারের মতো পর্যটকের রাত কাটানোর ব্যবস্থা রয়েছে। ইয়াসির লাইফ গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল বলেন, ‘সমুদ্র দেখামাত্র পর্যটকেরা ঝাঁপ দিচ্ছেন। নিষেধ করে কাউকে দমিয়ে রাখা যাচ্ছে না। বিশেষ করে শাড়ি পরা নারী পর্যটকেরা কথা না শুনে সমুদ্রে নেমে বেকায়দায় পড়ছেন।’ তিনি জানান, গত দুদিনে স্রোতের টানে ভেসে যাওয়ার সময় দুই নারীসহ চারজনকে উদ্ধার করা হয়েছে।মোস্তফা কামাল বলেন, ‘শাড়ি পরে সাগরে নামা নারীদের জন্য মহাবিপদ। তা ছাড়া ভাটার সময় সাগরে নামা যে কারও জন্য বিপদ ঢেকে আনতে পারে।’ স্থানীয় রবি লাইফ গার্ড স্টেশনের ডুবুরি সৈয়দ নুর বলেন, জোয়ার-ভাটার তথ্য দেখে সমুদ্রে নামা উচিত। সৈকতের বিভিন্ন স্থানে জোয়ারের সময় সবুজ পতাকা উড়ানো থাকে। এ সময় গোসলে নামা নিরাপদ। আর ভাটার সময় ওড়ানো থাকে লাল পতাকা। এ সময় সাগরে নামা নিষেধ। কিন্তু অনেকে এ নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। জোর করে কাউকে উঠিয়ে আনাও সম্ভব হচ্ছে না। তা ছাড়া পর্যটকের ভিড়ে অনেকে ছোট ছেলেমেয়েদের হারিয়ে ফেলছেন। তিনি জানান, গত দুদিনে চারটি শিশু হারিয়ে গেছে। পরে মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করে তিনজনকে উদ্ধার করা হয়।কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, ‘সৈকতে ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশকে সতর্ক রাখা হয়েছে। ভাটার সময় যেন পর্যটকেরা সাগরে নামতে না পারেন, সে জন্য ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে সৈকতে প্রচারণা চালানো হচ্ছে। দর্শনীয় স্থানগুলোতে টহল বাড়ানো হয়েছে।’