পর্যটকদের পদচারণে মুখরিত সেন্ট মার্টিন
সেন্ট মার্টিন পর্যটকদের পদচারণে এখন মুখরিত। দ্বীপের হোটেল, মোটেল ও কটেজগুলোতে কক্ষ খালি নেই। এ সুযোগে হোটেল-কটেজগুলো বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে।ঢাকা থেকে আসা ফজলুল রহমান (৫৮) বলেন, ‘সব সময় ঢাকায় থাকি কারাগারের মতো। সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই এখানে আসি। খুব ভালো লাগছে।’ কটেজ তাজমহলের মালিক তোফায়েল আহমদ বলেন, ঈদ উপলক্ষে হোটেল-কটেজগুলো পর্যটকদের জন্য আগাম প্রস্তুত করে রাখা হয়েছিল। তাই বেশির ভাগ হোটেল-কটেজ আগাম বুকিং হয়ে যাওয়ায় অনেককে বেশি দামে কক্ষ ভাড়া নিতে হচ্ছে।হোটেল-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান বলেন, শিগগিরই কক্ষের ভাড়া নির্ধারণ করে সব হোটেল-কটেজে তা টাঙানো হবে। এতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে।সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, পর্যটকদের নিরাপত্তা, তাদের হয়রানি ও দুর্ভোগ লাঘবে পুরো দ্বীপে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, এ রুটে প্রতিবছর সাতটি জাহাজ চলাচল করলেও এখন শুধু তিনটি জাহাজ ও কয়েকটি ট্রলারে করে দৈনিক কয়েক হাজার পর্যটক আসছে। এবার পর্যটকের আগমন অন্যবারের তুলনায় অনেক বেড়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামসুল ইসলাম বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে হোটেল-কটেজ মালিকদের সতর্ক করা হয়েছে।