পর্যটকদের ভিড় আছে নেই সুযোগ-সুবিধা
দেশের সবচেয়ে উত্তরের সীমান্ত এলাকা তেঁতুলিয়ায় এখন পর্যটকদের ভিড়। সমতলের চা-বাগান, কমলাবাগান, সীমান্তে ভারত, মহানন্দা নদী, পাথর উত্তোলন আর এলাকার মনোরম প্রকৃতি—এসব পর্যটকদের আকৃষ্ট করছে। এলাকাটি পর্যটন সম্ভাবনাময় হলেও এখানে নেই পর্যটকদের জন্য তেমন কোনো সুযোগ-সুবিধা।
তেঁতুলিয়া এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় সারা বছর এখানে পর্যটকেরা আসেন। তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত থাকে উপচে পড়া ভিড়। তেঁতুলিয়া উপজেলা থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মাত্র ১১ কিলোমিটার।
তেঁতুলিয়া পিকনিক কর্নারে ৮ জানুয়ারি গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন দলবেঁধে বনভোজনে এসেছেন। খোঁজ নিয়ে জানা গেল, পর্যটকদের থাকার জন্য এখানে একটি ডাকবাংলো ছাড়া আর তেমন ভালো কোনো হোটেল নেই। স্থানীয়রা জানান, কোচবিহারের রাজা এটি নির্মাণ করেছিলেন। জেলা পরিষদ এটি পরিচালনা করে। কিন্তু এ বাংলোও পর্যটকদের জন্য যথেষ্ট নয়।
তেঁতুলিয়া পিকনিক কর্নারের বাগানে লাগানো অধিকাংশ গাছই মরে গেছে। মহানন্দার ঢেউয়ে ভেঙে যাচ্ছে পাড়। পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায়, বনভোজনে এসে তাঁরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। গাড়ি রাখার জায়গা নেই, পানি ও শৌচাগারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। শিশুদের বিনোদনের কোনো ব্যবস্থা নেই।
তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘পর্যটকদের মনোরঞ্জন ও তাঁদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে দরকার সরকারি উদ্যোগ।’