পর্যটকদের ভিড় রাঙামাটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিনের ছুটিতে রাঙামাটিতে পর্যটকের ভিড় জমেছে। শহরের বিভিন্ন হোটেল-মোটেলের কক্ষ সব ভাড়া হয়ে গেছে।
গতকাল শুক্রবার বিকেলে পর্যটন করপোরেশনের হলিডে কমপ্লেক্স এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে অনেক পর্যটক। অনেকে নৌকায় কাপ্তাই হ্রদে ঘুরছেন। তবে ঝুলন্ত সেতুতে ওঠার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকায় অনেক পর্যটক ক্ষোভ প্রকাশ করেন।
কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় প্রায় দেড় মাস পানিতে ডুবে ছিল ঝুলন্ত সেতুর পাটাতন। এতে পাটাতন পিচ্ছিল হয়ে গেছে। এ ছাড়া পাটাতনের কয়েকটি কাঠ নরম হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে পর্যটকদের সেতুতে ওঠার ওপর আপাতত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক সপ্তাহ পর সেতু পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
নৌকার চালক মো. হানিফ ও বাবুল বলেন, এ বছরের প্রথম থেকে রাঙামাটিতে পর্যটক এসেছে খুব কম। তবে এবারের ছুটিতে অনেক পর্যটক এসেছেন। তিন দিন ধরে পর্যটকের ভিড় দেখা যাচ্ছে।
হলিডে কমপ্লেক্সের রাঙামাটির ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, কমপ্লেক্সের ৮৫টি কক্ষেই কয়েক দিন ধরে অতিথি আছেন। সামনের কয়েক দিনও এ অবস্থা চলতে পারে।
রাঙামাটি হোটেল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও হোটেল প্রিন্সের স্বত্বাধিকারী মো. নেছার আহমেদ বলেন, তাঁদের তালিকাভুক্ত ৪২টি হোটেলের কক্ষ পরিপূর্ণ। তাঁর হোটেলের ৪৫টি কক্ষ আগামী ২ নভেম্বর পর্যন্ত ভাড়া হয়ে আছে। তিনি বলেন, হোটেল কক্ষ ভাড়া না পেয়ে অনেক পর্যটক ফিরে যাচ্ছেন।