পর্যটকদের ভিড়ে মুখর কুয়াকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটক-দর্শনার্থীর ভিড়। গত রোববার তোলা ছবি l প্রথম আলো
ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটক-দর্শনার্থীর ভিড়। গত রোববার তোলা ছবি l প্রথম আলো

এদিকে পর্যটকের আগমনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কলাপাড়া উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পর্যটন পুলিশ বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। কুয়াকাটা পর্যটন পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, পর্যটকদের ব্যাপক আগমনের কারণে কুয়াকাটা সৈকতসহ পার্শ্ববর্তী স্পটগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সৈকতে গোসল করতে নেমে কেউ যাতে বিপদে না পড়ে, সে জন্য ওয়াটার বাইকসহ পুলিশি টহল জোরদার করা হয়েছে।

কুয়াকাটার হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, কুয়াকাটায় ৫২টির মতো আবাসিক হোটেল-মোটেল রয়েছে। প্রতিটি হোটেলই অন্তত দুই সপ্তাহ আগে বুকিং হয়ে গেছে। এ মাসের ১৫ তারিখ পর্যন্ত হোটেল-মোটেলগুলোতে পর্যটক-দর্শনার্থীদের চাপ বেশি থাকবে বলে তিনি মনে করেন।

সরেজমিনে দেখা গেছে, পর্যটক-দর্শনার্থীদের আগমনের কারণে জিরো পয়েন্ট, বন বিভাগের জাতীয় উদ্যান, লেম্বুর চর, শুঁটকিপল্লি, মিশ্রীপাড়া বৌদ্ধমন্দির, রাখাইন মহিলা মার্কেটসহ আকর্ষণীয় সব জায়গায় পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। এ ছাড়া খাবার হোটেল, চায়ের দোকান, শামুক-ঝিনুকের দোকানগুলোতে প্রচুর বিক্রি হচ্ছে। তবে সৈকতের পাড়ের ফুচকার দোকান ও বিভিন্ন প্রজাতির মাছের ফ্রাই বিক্রির দোকানগুলোতে বিক্রি বেশি।

এ সময় অতিরিক্ত মূল্য নেওয়ারও অভিযোগ করেছেন কেউ কেউ। সাইফুর রহমান নামের একজন ক্রেতা জানালেন, ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ ফ্রাইয়ের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা; যা অতিরিক্ত শুধু নয়, অনেকটা বাড়াবাড়িও বটে।

খুলনার বটিয়াঘাটার বাসিন্দা জেসমিন কবির ও মো. হুমায়ূন কবির দম্পতি বললেন, অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে মাছ ফ্রাই করে বিক্রি করা হচ্ছে। কুয়াকাটার মতো স্বাস্থ্যকর একটি স্থানে তা কোনোভাবেই কাম্য নয়। এসব বিষয়ের দিকেও কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।

কুয়াকাটার খাবার হোটেল ব্যবসায়ী সাবের আহম্মেদ ভূঁইয়া বলেন, একসময় কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত মাত্র ২২ কিলোমিটার সড়কপথে তিনটি নদীতে ফেরি পারাপার ছিল চরম ভোগান্তির। সেখানে ফেরির পরিবর্তে সেতু হয়েছে। এখন মাত্র ২৫ মিনিটে এই পথটুকু পার হওয়া যায়। এ কারণে দুই বছর ধরে বিশেষ দিনগুলোতে কুয়াকাটায় পর্যটক-দর্শনার্থীর সংখ্যা বাড়ছে।

তবে কুয়াকাটার সবচেয়ে অভিজাত হোটেল শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলার মহাব্যবস্থাপক জয়নাল আবদিন চোকদার সড়কব্যবস্থার দুরবস্থা নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশও করেছেন। তিনি হতাশার সুরে বলেন, ‘কলাপাড়া থেকে কুয়াকাটায় যেতে সড়ক যোগাযোগ সহজ হয়েছে এটা ঠিক, তবে এই অংশের সড়কের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে পাখিমারা থেকে মহিপুর মৎস্যবন্দর পর্যন্ত ১১ কিলোমিটার সড়কের পুরো অংশেই খানাখন্দে ভরা। এর সিলকোটসহ বালু উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সেসব গর্তে বর্ষার পানি জমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখান থেকে চলাচল করতে গিয়ে কুয়াকাটায় আগন্তুকদের চরম ভোগান্তি পোহাতে হয়। কুয়াকাটা পর্যটনের স্বার্থে এই ১১ কিলোমিটার সড়ক মেরামত করা জরুরি বলে আমরা মনে করি।’

পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘মূলত ওই অংশের রাস্তাটুকুর কাজ গুণগত মানের না হওয়ায় আমরা ঠিকাদারের বিল আটকে দিয়েছি। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান এ কারণে পরে মামলা করায় ওই অংশের সড়কের কাজ করা যাচ্ছে না।’